বিশ্বে ভয়াবহ আকার নিচ্ছে আর্থিক সঙ্কোচন, পদত্যাগ হোয়াটস অ্যাপের ভারতীয় শাখার প্রধানের
বিশ্বে ভয়াবহ আকার নিচ্ছে আর্থিক সঙ্কোচন, পদত্যাগ হোয়াটস অ্যাপের ভারতীয় শাখার প্রধানের
পদত্যাগ করলেন ভারতে হোয়াটস অ্যাপের প্রধান অভিজিৎ বোস এবং ভারতে মেটার পাবলিক পলিসির প্রধান রাজীব আগরওয়াল। গত সপ্তাহেই মেটা বিশ্বে তাদের ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছে। জানা গিয়েছে, ভারতে মেটার পাবলিক পলিসির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে শিবনাথ ঠুকরালকে। তবে অভিজিৎ বোসের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে হোয়াটস অ্যাপের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

ভারতে হোয়াটস অ্যাপের প্রধানের পদত্যাগ
হোয়াটস অ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট একটি বিবৃতিতে বলেন, 'ভারতে হোয়াটস অ্যাপে প্রথম প্রধান ছিলেন অভিজিৎ বোস। তাঁর অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। তাঁর উদ্যোগে ভারতে হোয়াটস অ্যাপে নতুন নতুন পরিষেবা আনা সম্ভব হয়েছে। যা লক্ষ লক্ষ মানুষ ও ব্যবসাকে উপকৃত করেছে। হোয়াটস অ্যাপ ভারতের জন্য আরও অনেক কিছু করতে পারে। ভারত ক্রমেই ডিজিট্যালের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে ভারতে কাজ করতে পেরে আমরা আপ্লুত।'

মেটার ১১,০০০ কর্মী ছাঁটাই
ডিজিট্যাল বিজ্ঞাপনের আয় কমার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মেটা। মঙ্গলবার মেটার শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে মার্ক জুকারবার্গ বৈঠকে বসেন। তারপরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সোশ্যাল মিডিয়ায় মার্ক জুকারবার্গ মেটা থেকে ১১,০০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেন। তিনি বলেন, মেটা তার কর্মী সংখ্যা ১৩ শতাংশ কমাচ্ছে। ফেসবুক পোস্টে মার্ক জুকারবার্গ কর্মী ছাঁটাইয়ের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি চাকরি হারানো কর্মীদের আগামী চার মাসের বেতনের নিশ্চয়তা দিয়েছেন।

দুঃখ প্রকাশ মার্ক জুকারবার্গের
সোশ্যাল মিডিয়ায় মার্ক জুকারবার্গ বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য ছিলাম। আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশেষ করে এই কর্মী ছাঁটাইয়ে যাঁরা প্রভাবিত হয়েছেন, তাঁদের জন্য সময়টা আরও কঠিন হয়ে উঠেছেন। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। জুকারবার্গ জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের জন্য যাঁরা প্রভাবিত হয়েছেন, তাঁদের ভবিষ্যতে প্রাসঙ্গিক করে তোলায় চেষ্টা করবেন। তিনি জানান, কর্মী ছাঁটাই ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় খোলা ছিল না। যাঁদেরকে বরখাস্ত করা হয়েছে, মেটাতে অবদানের জন্য তাঁদের জুকারবার্গ ধন্যবাদ জানান।

বিশ্ব জুড়ে সঙ্কোচিত কর্ম সংস্থান
সম্প্রতি একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার পরে প্রায় অর্ধেক কর্মীকে বরখাস্ত করেছেন। চুক্তি ভিক্তিক কর্মীদের একাংশকে তিনি বরখাস্ত করেছেন। অন্যদিকে, মাইক্রোসফট কর্মী ছাঁটাই করছে। অ্যামাজন তাদের রোবটিক বিভাগের সকলকে বরখাস্ত করেছে বলে জানা গিয়েছে। তবে সোমবার মার্কিন দৈনিকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যামাজন আরও কর্মী ছাঁটাই করতে চলেছে।












Click it and Unblock the Notifications