পৃথিবীর সবথেকে কাছে আসছে সবুজ ধূমকেতু! ভারতের কোথায় কখন দেখা যাবে সেই দৃশ্য
সবুজ ধূমকেতুটি শেষবার খন পৃথিবীর এত কাছাকাছি এসেছিল, তখনও আধুনিক মানুষ বিবর্তিত হয়নি। যা পৃথিবীর আকাশ থেকে বিদায় নিয়েছিল ৫০ হাজার বছর আগে, তা ফের ঘুরে এসেছে।
পৃথিবীর আকাশে দৃশ্যমান হবে একটি সবুজ ধূমকেতু। তা বুধবার সবথেকে কাছে আসছে পৃথিবীর। সেই সবুজ ধূমকেতু দেখার জন্য সাড়া পড়ে গিয়েছে স্টারগেজারদের মধ্যে। কিন্তু ভারতের কোথায় কখন দেখা যাবে সেই দৃশ্য, তা জানতে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

ভারতের কোথায় দেখা যাবে সবুজ ধূমকেতু
সি/২০২২ ই৩ (জেডটিএফ) নামক ধূমকেতুটির নিউক্লিয়াস ও ট্যাডপোল টাইপ লেজের চারপাশে একটি সবুজ আভা দ্বারা চিহ্নিত। সেই সবুদ ধুমকেতু পৃথিবীর আকাশে দৃশ্যমান। ১ ফেব্রুয়ারি বুধবার তা পৃথিবীর সবথেকে কাছে আসবে। এটি ভারতের প্রায় প্রতিটি রা্জ্য থেকে দেখা যাবে। এমকী সারা বিশ্বে তা দৃশ্যমান।

পৃথিবীর আকাশে প্রতিভাত হয়েছে সবুজ ধূমকেতু
এই ধূমকেতুটি ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সূর্যের চারপাশে তার কক্ষপথ শেষ করার পর পৃথিবীর আকাশে প্রতিভাত হয়েছে। বর্তমানে ধূমকেতুটি সৌরজগতের প্রান্তে একটি বহির্মুখী যাত্রায় রয়েছে সেটি। বুধবার ধূমকেতুটি পৃথিবী থেকে মাত্র ৪২ মিলিয়ন কিলোমিটার দূরে থাকবে, যা মহাজাগতিক স্কেলে খুব ছোটো দূরত্ব হিসেবে গণ্য।

আধুনিক মানুষ বিবর্তিত হওয়ার আগের ধূমকেতু
এই সবুজ ধূমকেতুটিকে অনন্য করে তুলেছে সূর্যের চারপাশে তার ৫০ হাজার বছরের দীর্ঘ কক্ষপথ। শেষবার যখন এটি পৃথিবীর এত কাছাকাছি এসেছিল, তখনও আধুনিক মানুষ বিবর্তিত হয়নি। এহেন ধূমকেতুর দর্শন চারটিখানি কথা নয়। আধুনিক মানুষ বিবর্তিত হওয়ার আগে যা পৃথিবীর আকাশ থেকে বিদায় নিয়েছিল, তা ফের ঘুরে এসেছে।

কীভাবে দেখবেন এই সবুজ ধূমকেতু
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধূমকেতু দর্শনের প্রথম শর্ত হল পরিষ্কার আকাশ। অন্যথায় তা দেখা যাবে না। ধূমকেতুটি যতটা ভাবা হয়েছিল, ততটা উজ্জ্বল নয়। ফলে ধূমকেতুটিকেকে আকাশে দেখতে গেলে খালি চোখ নয়, দূরবিনের প্রযোজন। বলে জানিয়েছে কলকাতার বিড়লা তারামণ্ডলের আধিকারিক শিল্পী গুপ্তা। এবং তা দেখতে গেলে শহর থেকে দূরে যেতে হবে। কেননা দূষণমুক্ত আকাশ চাই, তবেই দর্শন সম্ভব।

কবে কখন দেখবেন সবুজ ধূমকেতু
তিনি আরও জানান, ধূমকেতুটি রাত সাড়ে ৯টার পর আকাশে দৃশ্যমান হবে। অন্ধকার আকাশে তা পরিস্ফুট হবে। ভারতের আকাশে তা দেখা যাবে ধ্রুবতারা থেকে একটু দক্ষিণে। অর্থাৎ ধ্রুবতারার একটু উপরে চোখ মেললেই আপনি দেখতে পাবেন সবুজ আভা। এই সবুজ ধূমকেতুটি দক্ষিণে ভ্রমণ করবে। এবং তা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের মাথায় পৌঁছবে। এই ধূমকেতুটি পশ্চিমবঙ্গ, ওড়িশা,-সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য-সহ প্রায় সারা দেশেই দেখা যাবে।

ধূমকেতুটি সবুজ কেন? ব্যাখ্যা জ্যোতির্বিজ্ঞানীদের
এখন প্রশ্ন উঠেছে এই ধূমকেতুটি সবুজ কেন? সান দিয়েগোতে ক্যালটেকের পালোমার অবজারভেটরিতে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা তা অনুসন্ধান চালিয়েছেন। ২০২২ সালের ২ মার্চ সবুজ ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন তাঁরা। ধূমকেতুটি সবুজাভ বা পান্না রঙযুক্ত। তা ধূমকেতুর রাসায়নিক গঠনকে প্রতিফলিত করে। সূর্যালোক এবং কার্বন অণুর মধ্যে সংঘর্ষের ফলেই তা সবুজ দেখায়।

ধূমকেতুটি পৃথিবীর সবথেকে কাছে আসার অপেক্ষায়
নাসা তার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে ধূমকেতুটি পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছে। তারা এই ধূমকেতু থেকে যা সৌরজগতের গঠন সম্পর্কে কোনও সূত্রের খোঁজ চালাতে চাইছে। সেই লক্ষ্যে মহাকাশবিজ্ঞানীরা তৈরি হচ্ছেন এবং ধূমকেতুটি পৃথিবীর সবথেকে কাছে আসার অপেক্ষায় রয়েছেন।












Click it and Unblock the Notifications