Luna 25: চাঁদে পাড়ি দেওয়ার পর প্রথম ছবি পাঠাল রাশিয়ার মহাকাশযান, এখনও এগিয়ে চন্দ্রযান-৩
রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ চাঁদে পাড়ি দিয়েছে ইসরোর চন্দ্রযান ৩-এর একমাস পরেই। ১১ অগাস্ট চাঁদে পাড়ি দেওয়ার পাঁচদিন পরেই চাঁদের কক্ষপথ থেকে ছবি পাঠিয়ে দিল লুনা ২৫। চন্দ্র অভিযানের পর প্রথম ছবি পাঠিয়ে লুনা ২৫ জানিয়ে দিল তারা এগিয়ে চলেছে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে।
তবে এখনও রাশিার মহাকাশযান লুনা ২৫ ভারতের চন্দ্রযান ৩-কে টপকাতে পারেনি। চন্দ্রযান-৩ আদতে পৌঁছে গিয়েছে চাঁদের একেবারে দোরগোড়ায়। চাঁদ থেকে মাত্র ১৫৩ কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রযান। কিন্তু নির্দিষ্ট পদ্ধতি মেনে সন্তর্পণে নামতে হবে চাঁদে। প্রতিযোগিতার পথে না গিয়ে, সেই লক্ষ্যে অবিচল ইসরো।

এদিকে রাশিয়ার সুদূর আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোম থেকে ১১ অগাস্ট উৎক্ষেপণ করা হয়েছে লুনা ২৫। ১৯৭৬ সালের পর রাশিয়ার প্রথম চন্দ্র ল্যান্ডার মিশন এটি। রাশিয়ার মহাকাশ অনুসন্ধানের জন্য এটি একটি মাইলফলক বলে চিহ্নিত করা হয়েছে।
ইতিমধ্যেই মহাকাশ থেকে তার প্রথম ছবি ক্যাপচার করার পর প্রেরণও করে দেওয়া হয়েছে। তা প্রকাশ করছে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমস। সাদা-কালো ছবির সংগ্রহটি মহাকাশযানের কাঠামোর উপর রাশিয়ান পতাকা ও মিশন প্যাচ প্রদর্শন করেছে। সেইসঙ্গে দেখা যাচ্ছে পৃথিবী ও মহাকাশের বিশাল বিস্তৃতির বিপরীতে চাঁদের আকর্ষণীয় ছবি।
লুনা ২৫ মিশনে চাঁদের দক্ষিণ মেরুকে ঘিরে থাকা তিনটি গর্তের কাছে অবতরমের চেষ্টা করবে রাশিয়া। পাঁচ থেকে সাত দিন প্রদক্ষিণ করবে চাঁদের চারপাশে। তারপর চাঁদের মাটিতে নামবে লুনা ২৫। বছরব্যাপী চাঁদে কার্যক্রম জারি থাকবে রাশিার। চাঁদে পাতলা বায়ুমণ্ডল তৈরি করা প্লাজমা ও ধূলিকমা নিয়ে অধ্যয়নের পাশাপাশি চন্দ্রপৃষ্ঠের নীচে জমে থাকা বরফরে খোঁজ চালাবে।
রাশিয়া একমাস পরে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করলেও ভারতের আগেই তারা পৌঁছে যাবে বলে দাবি করেছে। রাশিয়ার লুনা ২১ অগাস্ট চাঁদের মাটি ছোঁবে বলে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সেখানে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করার কথা ২৩ অগাস্ট।
এই মিশনে রাশিয়া নেমেছে ৪৭ বছর পর। চাঁদের দক্ষিণ মেরুতে তারা প্রথম দেশ হিসেবে অবতরণ করতে চলেছে। ভারতের চন্দ্রযান-৩ মিশনের বিক্রম ল্যান্ডারের থেকে লুনা-২৫ অনেক বড়ো ও ক্ষমতাসম্পন্ন। এখনও পর্যন্ত কোনও দেশই দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেনি।












Click it and Unblock the Notifications