চাঁদের কণা আনতে যাবে চন্দ্রযান -৪! মহাকাশ অভিযানে ফের বিরাট খবর দিল ইসরো
মহাকাশ গবেষণায় বিশ্বে শ্রেষ্ট আসন নিতে একের পর এক ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ইসরো। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২৩ অগাস্ট, চাঁদের চির রহস্যময় দক্ষিণ মেরুতে মহাকাশ যান পাঠিয়ে ইতিহাস তৈরী করে মাথায় সাফল্যের মুকুট পড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তার বছর না ঘুরতেই আরও এক বড় উদ্যোগ ইসরোর। এবার চাঁদের উদ্দেশ্যে যাবে চন্দ্রযান-৪।
চন্দ্রযান-৩ অভিযান অভূতপূর্বভাবে সফল হবার পর এবার চন্দ্রাভিযানে আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত। ইতিমধ্যেই চন্দ্রযান-৪ মিশন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইসরো। এরই মধ্যে এ বিষয়ে এল বড় আপডেট।

ইসরো সূত্রে খবর, এবার আর এক পর্যায় নয়, বরং দুই পর্যায় উৎক্ষেপণ হবে চন্দ্রযান-৪। এবার শুধু চাঁদের মাটিতে চন্দ্রযান অবতরণ করানো হবে তাই নয়, সেই সঙ্গে চাঁদ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহও করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে চন্দ্রযানকে। চন্দ্রযান-৩-এ তিনটি অংশ ছিল। যা হল, ল্যান্ডার, রোভার ও প্রোপালশন মডিউল। কিন্তু চন্দ্রযান-৪-এর ক্ষেত্রে আরও দু'টি বাড়তি অংশ যোগ হবে। অর্থাৎ চন্দ্রযান-৪-এর মূলত পাঁচটি অংশ থাকবে। সেগুলি হল- প্রোপালশন মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল, ট্রান্সফার মডিউল, রিএন্ট্রি মডিউল।
মূলত, চন্দ্রযান-৪-এর লক্ষ্য হল আরও জটিল সমস্যার সমাধানের চেষ্টা করা। এই মিশন সফল হলে চন্দ্রপৃষ্ঠ থেকে সফল ভাবে নমুনা সংগ্রহ করে আনার ক্ষেত্রে বিশ্বে চতুর্থ দেশ হবে ভারত। জানা গিয়েছে, চন্দ্রযান-৪-এর উৎক্ষেপণ দু'টি আলাদা পর্যায়ে হবে। প্রথম ধাপে প্রোপালশন মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল উৎক্ষেপণ করা হবে। আর দ্বিতীয় ধাপে পিএসএলভির মাধ্যমে উৎক্ষেপণ করা হবে ট্রান্সফার মডিউল ও রি-এন্ট্রি মডিউল। সব মিলে এই মিশন সফল হলে আরও একবার মহাকাশ গবেষণায় ইতিহাস লিখবে ভারত তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications