ISRO in Moon mission: চাঁদে পাড়ি দেবে ইসরো, চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের তারিখ ঘোষণা
চাঁদে তৃতীয়বার পাড়ি দিতে চলেছে ইসরো। চন্দ্রযান-২-এর ব্যর্থতা ঢেকে চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো এবার সাফল্য আনতে কোমর বেঁধেছে। চন্দ্র মিশনকে সাফল্যের ঠিকানায় পৌঁছে দিতে আগেভাগে সব প্রস্তুতি সেরে রেখেছে ইসরো।
ইসরো এদিন ঘোষণা করে চন্দ্রযান থ্রি মিশন লঞ্চ করবে ১৩ জুলাই। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে তা পাড়ি দেবে চাঁদের উদ্দেশে। জিএসএলবি হেভি-লিফ্ট লঞ্চ ভেহিকেল ব্যবহার করে এই উৎক্ষেপণ হবে দু-সপ্তাহ পরেই।

১৩ জুলাই দুপুর আড়াইটেয় রকেটটি চন্দ্রযান-৩ নিয়ে মহাকাশে পাড়ি দেবে। এটি ইসরোর তৃতীয় উদ্যোগ। প্রথম মিশনে চাঁদকে প্রদক্ষিণ করতে সক্ষম হলেও, চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার চাঁদে অবতরণের পরই ধ্বংস হয়ে যায়। সেই তিক্ততা নিয়েই শুরু হচ্ছে চন্দ্রযান ৩-এর যাত্রা।
এইবার সবচেয়ে ভারী ভেহিকেলের মাধ্যমে উৎক্ষেপণ হবে চন্দ্রযান ৩-এর। এই ভেহিকেলকে মার্ক-থ্রি বা জিএসএলভি এমকে থ্রি-ও বলা হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতের চন্দ্র মিশনে চন্দ্রযান-৩ উৎক্ষেপণের জন্য বিশেষ এই ব্যবস্থা করেছে এবার।
ইসরো জানিয়েছে, আগামী ১৩ জুলাই চন্দ্রযান-৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। আমরা জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উৎক্ষেপণের প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছিলাম আগে থেকেই। এখন চূড়ান্ত তারিখ ঘোষণা করে আমরা মাহেন্দ্রক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা সফল হবই।
এই বছরের মার্চ মাসে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল পরীক্ষাগুলি সম্পন্ন হয়েছে। ফলে এই মহাকাশযানটির উৎক্ষেপণে কোনো বাধা নেই। এখন শুধু উৎক্ষপণের অপেক্ষা। চন্দ্রযান-৩ মহাকাশযানের চাঁদে পাড়ি ইসরোর চন্দ্র মিশনের অংশ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের সবচেয়ে ভারী মহাকাশযান চাঁদে পাড়ি দেবে ১৩ জুলাই।

এই মহাকাশযান তিনটি সিস্টেমের সমন্বয়। তা হল- প্রপালশন, ল্যান্ডার এবং রোভার। ইতিমধ্যে চাঁদ নিয়ে নাসা তাদের আর্টমিস মিশন শুরু করেছে। আর্টেমিস ওয়ান মিশন সেরে চন্দ্রযান ওরিয়ন ইতিমধ্যেই ফিরে এসেছে পৃথিবীতে। এবার চাঁদে আর্টেমিস টু মিশন শুরু করবে নাসা। এই মিশনে তারা চাঁদের কক্ষপথে পাঠাবে চার মহাকাশচারীকে। তার আগে ভারতও চন্দ্র অভিযান শুরু করতে চলেছে।
চাঁদ নিয়ে উৎসাহের শেষ নেই কোনো দেশেরই। নাসা ব্যাতিত অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাও তাই নিজেদের মতো করে চন্দ্র অভিযান চালাচ্ছে।। মার্কিন সংস্থা নাসার পাশাপাশি চাঁদে পাড়ি দেবে চিনও। এসাও তাদের মতো করে চেষ্টা করছে। জাপানি সংস্থা থেকে শুরু করে বেসরকারি বহু সংস্থাও চাঁদে পাড়ি দিতে মুখিয়ে রয়েছে। ভারতও এই মিশন থেকে দূরে থাকে কী করে।












Click it and Unblock the Notifications