Chandrayaan 3: একে একে তিন কক্ষপথ পেরিয়ে গেল চন্দ্রযান-৩, চাঁদের আরও কাছে ভারত
চাঁদের পথে তিন ধাপ পেরিয়ে গেল চন্দ্রযান-৩। একে একে তিন কক্ষপথ পেরিয়ে চাঁদের আরও কাছে পৌঁছে গেল ভারত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ ইতিমধ্যেই তিনটি কক্ষপথ পেরিয়ে গিয়েছে চাঁদের দিকে। সফলভাবে হয়েছে এই তৃতীয় উত্থান।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ১৪ জুলাই উৎক্ষেপণ হয় চন্দ্রযান ৩-এর। এলএমভি-৩ রকেটে চড়ে চন্দ্রযান ৩ ৯০০ সেকেন্ডের রুদ্ধশ্বাস পথ পেরিয়ে পৌঁছেছিল কক্ষপথে। তারপর এক এক করে কক্ষপথের তিনটি ধাপ পেরিয়ে গিয়েছে এই চন্দ্রযান।

পৃথিবী-বাউন্ড অ্যাপোজি ফায়ারিংয়ের মাধ্যমে তা পেরিয়ে যাচ্ছে এক একটা হার্ডল। চন্দ্রযান ৩-এর চতুর্থ হার্ডল পেরনোর কথা ২০ জুলাই। ইসরো ওইদিন টুইট করে জানিয়েছে নতুন কক্ষপথে চন্দ্রযানের পৌঁছনোর সময়। বৃহস্পতিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে চতুর্থ কক্ষপথে পৌঁছবে।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক পথেই উড়ে যাচ্ছে চন্দ্রযান-৩। এখন পর্যন্ত তিনটি কক্ষপথে প্রতিস্থাপনও সফল হয়েছে। এভাবেই একের পর এক কক্ষপথ পাড়ি দিয়ে চাঁদে পৌঁছে যাবে বলে বিশ্বাস ইসরোর। চন্দ্রযান-৩ মহাকাশে সুস্থ রয়েছে বলেও আরও একবার জানিয়েছে ইসরো।
ভারত থেকে চাঁদে অভিযানের একদিন পর থেকেই মহাকাশ থেকে আপডেটটি আসে প্রথম কক্ষপথ পেরোনোর। তারপর এই পাঁচদিনে আরও দুটি কক্ষপথ অতিক্রম করে গিয়েছে। এভাবেই এক একটা বাধা পেরিয়ে যাবে ভারতের চন্দ্রযান। ৩,৮৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে চাঁদে পৌঁছতে পৃথিবীর চারপাশে আরও বেশ কয়েকটি কক্ষপথ উত্থাপনের কৌশলের মধ্য দিয়ে যেতে হবে চন্দ্রযান ৩-কে।
এটি চন্দ্রযান সিরিজের তৃতীয় মিশন। চন্দ্রযান-৩ চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ভারতের দ্বিতীয় প্রচেষ্টা। ৬১৫ কোটি টাকা ব্যয়ে এই মিশনের লক্ষ্যে নেমেছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যদি এই মিশনে সফল হয়, তবে ভারত হবে চতুর্থ দেশ, যারা চাঁদের মাটিতে মহাকাশ যান নামাতে সফল হল।
এর আগে আমেরিকা, রাশিয়া ও চিনই এই কীর্তি অর্জন করতে সফল হয়েছে। ভারত এখনও সেই গৌরব অর্জন করতে পারেনি। তবে ইসরোর চন্দ্রযান-২ এই মিশনে প্রায় সফল হয়ে গিয়েছিল। কিন্তু চাঁদের মাটি স্পর্শ করার পরই বিপত্তি ঘটে। ভারতের মহাকাশযান চাঁদরে মাটিতে ধ্বংস হয়ে যায়। তারপরই দ্বিতীয় প্রচেষ্টায় চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয়।
ইসরো জানিয়েছে, মহাকাশযানটি একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের দিকে এগিয়ে যাবে। ট্রান্স-লুনার ইনজেকশন নামে পরিচিত অরবিটাল ম্যানুভারের একটি সিরিজ সঞ্চালন করবে এই চন্দ্রযানকে। ধীরে ধীরে বেগ এবং শক্তি বাড়ানোর জন্য মহাকাশযানের অনবোর্ড ইঞ্জিনগুলিকে ফায়ার করে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে পাঠানো হবে।
ইসরো জানিয়েছে, মহাকাশযানটি ৫ অগাস্ট চন্দ্রের কক্ষপথে পৌঁছাবে। একবার মহাকাশযানটি চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশ করলে ধীরে ধীরে তার উচ্চতা কমাতে শুরু করবে। ইসরো ঘোষণা করেছে, চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণের সম্ভাব্য তারিখ ২৩ অগাস্ট।












Click it and Unblock the Notifications