Chandrayaan 3: চাঁদের মাটিতে ‘স্লিপ মোডে’ বিক্রম আর প্রজ্ঞান, ‘ঘুম’ ভাঙবে কবে জানিয়ে দিল ইসরো
ইসরো চন্দ্রযান ৩ মিশনের ল্যান্ডার বিক্রম চাঁদ ছুঁয়ে ইতিহাস তৈরি করেছিল ২৩ অগাস্ট। তারপর থেকেই রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটি দাপিয়ে বেড়াতে শুরু করে। ইসরো জানিয়ে দিল রোভার প্রজ্ঞান চাঁদে তার কার্যভার সুসম্পন্ন করেছে। ১৪ দিনের মিশন সফল। এবার চাঁদের মাটিতে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হল।
চাঁদে সূর্যের আলো ফোটার পর দক্ষিণ মেরু স্পর্শ করেছিল বিক্রম। যতক্ষণ সূর্যের আলো থাকবে, ততক্ষণই কাজ করতে সক্ষম বিক্রম ও প্রজ্ঞান। চাঁদে এবার সূর্যের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। তাই মিশন শেষে তাদের ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করল ইসরো। চাঁদের মাটিতে স্লিপ মোডে রাখা হল বিক্রম ও প্রজ্ঞানকে।

রবিবার রাতে এক্স বার্তায় ইসরো জানিয়ে দিয়েছে, রোভার চাঁদের মাটিতে তার কার্যভার শেষ করেছে। বর্তমানে এটিকে নিরাপদে পার্ক করা হয়েছে এবং স্লিপ মোড সেট করা হয়েছে। একইসঙ্গে বন্ধ করা হয়েছে এপিএসএস এবং এলআইবিএস পেলোডগুলি।
রোভারের এই পেলোডগুলি থেকেই ডেটা ল্যান্ডার বিক্রমের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হয়। ইসরোর বিজ্ঞানীরা সেই ডেটা পান কম্যান্ড অফিসে বসে। বর্তমানে ব্যাটারিগুলি সম্পূর্ণরূপে চার্জ করা হয়েছে। ১৪ দিন অন্ধকারে আর ব্যাটারি চার্জ হবে না। ফলে বিশ্রাম এই কটা দিন।

ইসরো জানিয়ে দিয়েছে রোভারের সৌর প্যানেলটি ফের খুলবে ২২ সেপ্টেম্বর। চাঁদের মাটিতে পরবর্তী সূর্যোদয়ের আলো প্রস্ফুটিত হওয়ার পর। রিসিভার চালু রাখা হয়েছে। সূর্যের আলো ফুটলেই পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য সেট করা হবে রোভারকে। ইসররে বি্জ্ঞানীরা রোভার প্রজ্ঞানকে স্লিপ মোডে সেট করার পর তার সফল জাগরণের প্রত্যাশী।
আর যদি তা জাগতে না পারে, তবে চিরকাল ভারতের চন্দ্রদূত হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে রয়ে যাবে প্রজ্ঞান ও বিক্রম। ইসরো প্রধান এস সোমনাথ আগেই জানিয়েছেন, ভারতের চন্দ্রযান ৩ মিশনে চন্দ্র অন্বেষণ উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। প্রতিদিনই আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। নতুন নতুন তথ্য পেয়েছি।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 2, 2023
The Rover completed its assignments.
It is now safely parked and set into Sleep mode.
APXS and LIBS payloads are turned off.
Data from these payloads is transmitted to the Earth via the Lander.
Currently, the battery is fully charged.
The solar panel is…
ইসরোর এই ঐতিহাসিক চন্দ্রমিশন ছিল স্বল্প সময়ের। মাত্র ১৪ দিনের জন্য। কারণ পৃথিবীর ১৪ দিন হল চাঁদের অর্ধদিবস। ১৪ দিন টানা সূর্যের আলো ছিল চাঁদে। এরপরের ১৪ দিন চাঁদের মাটিতে নেমে আসবে অন্ধকার। এই সময় রোভার প্রজ্ঞান আর বিক্রমের কোনও কাজ করার সামর্থ থাকবে না।
ইসরো যদি ১৪ দিন পর ফের জাগাতে পারে প্রজ্ঞান ও বিক্রমকে, তাহলে এই মিশন আরও দীর্ঘমেয়াদী হবে। আরও অনেক তথ্য পাবে ইসরো। তবে ইসরো ১৪ দিনের জন্যই মিশন স্থির করেছিল। এখন যদি প্রজ্ঞানের সার্ভিস পাওয়া যায়, তা হবে বাড়তি পাওয়া। তাই আবার সূর্য ওঠার অপেক্ষা চাঁদের মাটিতে।












Click it and Unblock the Notifications