Chandrayaan 3: নাসার স্যাটেলাইটে ধরা পড়ল বিক্রম ল্যান্ডারের ছবি, চাঁদের দক্ষিণ মেরুতে অবাক-কাণ্ড
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদের মাটিতে ইতিহাস তৈরি করেছে। চন্দ্রযান ৩ মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে বিক্রম ল্যান্ডার। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কীর্তি গড়েছে ভারত। এমনকী এই কৃতিত্ব নেই নাসারও। এবার বিশ্বের অন্যতম সেরা মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে ধরা পড়ল বিক্রমের ছবি।
চন্দ্রযান ৩ ল্যান্ডারের ছবি নাসার স্যাটেলাইট ক্যাপচার করার পর তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিতও হয়েছে। বিক্রম ল্যান্ডার বর্তমানে চাঁদের মাটিতে ঘুমিয়ে পড়েছে। তার আগে বিক্রম চাঁদের মাটিতে একটি বিশাল লাফ দিয়েছিল। দ্বিতীয়বার তা ল্যান্ডিং করে। তারপর প্রজ্ঞানের পাশেই বিক্রমকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়।

এরই মধ্যে আমেরিকান স্পেস এজেন্সি নাসার লুনার রিকননাইসেন্স অরবিটার চাঁদে ভারতের তৃতীয় চন্দ্র মিশনে চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের একটি ছবি ধারণ করেছে। এই ছবিটি নাসা ক্যাপচার করতে সমর্থ হয় ২৭ অগাস্ট, চাঁদে ঐতিহাসিক অবতরণের মাত্র চার দিন পরে এলআরও দ্বারা ওই ছবি তোলা হয়েছিল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ছবিটি শেয়ার করে মহাকাশ সংস্থা নাসা লিখেছে, "এলআরও মহাকাশযান সম্প্রতি চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-৩ ল্যান্ডারের ছবি তুলেছে। তাদের এলআরও ক্যামেরা ল্যান্ডিংয়ের চার দিন পর ল্যান্ডারটির একটি তির্যক দৃশ্যের (৪২ ডিগ্রি স্লিউ অ্যাঙ্গেল) ছবি পেতে সক্ষম হয়।
সেই ছবিতে দেখা যাচ্ছে বিক্রমের চারপাশে উজ্জ্বল আলোকভূমি। এলআরও নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার দ্বারা পরিচালিত হয়। এদিকে মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদের দক্ষিণ মেরু থেকে চন্দ্রযান-৩ বিক্রম ল্যান্ডারের একটি থ্রি-ডি 'অ্যানাগ্লিফ' চিত্র প্রকাশ করেছে।
অ্যানাগ্লিফটি ন্যাভক্যাম স্টেরিও ইমেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা প্রজ্ঞান রোভারের সাহায্যে ধারণ করা। বাম ও ডান উভয় ছবি নিয়ে গঠিত। ইসরো এক্স মাধ্যমে তা প্রকাশ করেছে। অ্যানাগ্লিফ হল স্টিরিও বা মাল্টি-ভিউ ইমেজ থেকে তিনটি মাত্রায় বস্তু বা ভূখণ্ডের একটি সাধারণ দৃশ্যায়ন।
এই থ্রি চ্যানেল ইমেজে বাম চিত্রটি লাল চ্যানেলে অবস্থিত, যখন ডান চিত্রটি নীল ও সবুজের মিশ্রণে সায়ান চ্যানেলে স্থাপন করা হয়েছে। এই দুটি চিত্রের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্যের ফলে স্টেরিও প্রভাব দেখা দেয়, যা তিনটি মাত্রার চাক্ষুষ ছাপ ফেলে। লাল এবং সায়ান রঙের বিচ্ছুরণ দেখা যায় বিক্রম-সহ চাঁদের মাটিতে। বিক্রম ও প্রজ্ঞান ঘুমিয়ে পড়ার আগেই এই নয়া ছবি প্রেরিত হয়েছিল ইসরোতে।












Click it and Unblock the Notifications