Chandrayaan 3: চাঁদের কক্ষপথে পরবর্তী ধাপ কী, নিশ্চিত অবতরণের লক্ষ্যে ল্যান্ডিং পুনর্নির্ধারণেরও ভাবনা ইসরোর
২০১৯-এ ব্যর্থ হয়েছে মিশন। ভারত তৃতীয় চন্দ্র মিশন সফল করতে বদ্ধপরিকর। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২০১৯-এর মিশন থেকে শিক্ষা নিয়ে এবার সাবধানী পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে চন্দ্রযান-৩ পৌঁছে গিয়েছে চাঁদের কক্ষপথে। ২৩ অগাস্ট চাঁদে ল্যান্ডিং করার কথা বিক্রমের।
কিন্তু প্রয়োজনে সেপ্টেম্বরের জন্য অবতরণ পুনর্নির্ধারিত করা হতে পারে। কারণ ইসরো এবার সাফল্য আনতে মরিয়া। তাই কোনও ঝুঁকি তারা নিতে চায় না। অতি সাবধানী হয়ে চন্দ্রযান ৩ মিশন শেষ করার পরিকল্পনা নিয়েছে ইসরো। সেজন্য সময় নিয়ে পথঘাট বেঁধে তাঁরা নামতে চায় চাঁদের মাটিতে।

ইসরো জানিয়েছে, এখন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াই সুষ্ঠুভাবে হয়েছে। ২২ দিন অতিক্রান্ত হয়েছে মহাকাশে পথ পরিক্রমা। চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। এভাবেই চলতে থাকলে ২৩ অগাস্ট ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটিতে সফল অবতরণ হবে চন্দ্রযান ৩-র বিক্রম ল্যান্ডারের।
মহাকাশযানটি চাঁদের দূরত্বের দুই-তৃতীয়াংশ পথ ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে। আর এক-তৃতীয়াংশ পথ পাড়ি দিতে বাকি। এই পথ পেরোতে গতি কমিয়ে দেবে চন্দ্রযান-৩। ১৮ দিনের রুদ্ধশ্বাস পরিক্রমা শুরু হয়েছে এদিন থেকেই। রবিবারই চন্দ্রযান ৩-কে পরবর্তী ধাপে পৌঁছে দিতে কৌশল নিয়েছে ইসরো।
ইসরোর জ্যেতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের পথে গতি হ্রাসের অর্থ হল চন্দ্রে অবতরণের প্রক্রিয়া শুরু। এটি চাঁদের দিকে কক্ষপথ পরিবর্তন করে এবার এগিয়ে যাবে। একবার চন্দ্র কক্ষপথ সন্নিবেশ সফল হলে অপেক্ষা ১৭ অগাস্টের জন্য। ওইদিন কক্ষপথ সার্কুলারাইজ করা হবে। তারপর ২৩ অগাস্ট চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষা।
চাঁদে নামার পথে চন্দ্র কক্ষপথে ৫ থেকে ৬ বার পাড়ি দেবে চন্দ্রযানটি। ধীরে ধীরে তা ১০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে আসার পরই বন্ধ হয়ে যাবে জেট প্রপালশান সিস্টেম। তারপর পরবর্তী ১০ দিনের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের একটি সুনির্দিষ্ট স্থানে নেমে পড়বে বিক্রম ল্যান্ডার।
তারপরই বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। শুরু হবে চাঁদের মাটিতে নয়া অভিযান। সেই নয়া ইতিহাস গড়ার অপেক্ষায় এখন গোটা ভারতবর্ষ। ভারতবাসী এখন সেই সুদিনের অপেক্ষায়, যেদিন চাঁদের মাটি স্পর্শ করে সাফল্যের বার্তা পাঠাবে ল্যান্ডার বিক্রম।
সেজন্যই প্রয়োজনে অবতরণের সময় দীর্ঘায়িত করতে প্রস্তুত ইসরো। সেইমতোই পরিকল্পনা রয়েছে তাদের। আগাম ব্যবস্থাও নেওয়া হয়েছে। অনুকূল পরিস্থিতি এলই চাঁদে ল্যান্ড করা হবে। আর তার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেও দ্বিধান নেই ইসরোর। সফল এবার হতেই হবে, এটাই হল ভারতের বিজ্ঞানীদের পণ।












Click it and Unblock the Notifications