Chandrayaan 3: চাঁদের মাটি ছুঁতে মাত্র ১৭ মিনিট! আকাশ থেকে চন্দ্রপৃষ্ঠে বিক্রম নামবে কীভাবে জানাল ইসরো
Chadrayaan 3: চাঁদে নামার অপেক্ষায় বিক্রম। কখন আসবে মাহেন্দ্রক্ষণ! রাশিয়ার লুনা-২৫ যখন শেষ কক্ষপথ পরিমাপে ভুল করে চাঁদের মাটিতে ধ্বংস হয়ে গিয়েছে, তখন ইসরোর বিজ্ঞানীরা সঠিক পথেই এগিয়ে নিয়ে গিয়েছে চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারকে। এবার চাঁদ ছোঁয়ার জন্য সর্বনিম্ন কক্ষপথে প্রতীক্ষায় রয়েছে ল্যান্ডার বিক্রম।
শনিবার রাতে বিক্রম শেষবার চন্দ্র কক্ষপথ হ্রাস সম্পাদন করে ১৫৭ কিলোমিটারx১১৩ কিলোমিটার থেকে এক ঝটকায় নেমে আসে ১৩৪ কিলোমিটারx২৫ কিলোমিটার কক্ষপথে। অর্থাৎ চাঁদ থেকে সর্বনিম্ন ২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে বিক্রম। ২৩ অগাস্ট বুধবার মাহেন্দ্রক্ষণ এলেই চাঁদের মাটিতে নেমে আসবে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার।

চাঁদের মাটিতে কখন নামবে বিক্রম? ইতিমধ্যেই সেই মাহেন্দ্রক্ষণ ঘোষণাও করে দিয়েছে ইসরো। ইসরো জানিয়েছে, বুধবার বিকেল ৫টা ৪৭ মিনিট নাগাদ ২৫ কিলোমিটারের কক্ষপথ থেকে পাড়ি দেবে চাঁদে সফট ল্যান্ডিংয়ের জন্য। ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম। তারপরই সৃষ্টি হবে ইতিহাস।
ভারত পৌঁছে গিয়েছে স্বপ্নপূরণের দোরগোড়ায়। চন্দ্রযান ল্যান্ডার চাঁদের সবথেকে কাছের কক্ষপথে পৌঁছে ছবিও পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। চাঁদের অন্ধকার দিকের ছবি পাঠিয়েছে। ছবি পাঠিয়েছে সেই স্থানের যেখানে সফট ল্যান্ডিং করবে বিক্রম। বিক্রমের পাঠানো ছবিতেই স্পষ্ট দুর্গম সেই চন্দ্রপৃষ্ঠ।
পরতে পরতে বিপদ সামনে বিক্রমকে নামতে হবে চন্দ্রপৃষ্ঠে। দক্ষিণ মেরু চাঁদের সবথেকে বিপদসঙ্কুল স্থান, তবু সেই দক্ষিণ মেরুকেই বেছে নিয়েছে ইসরো। ২০১৯-এর চন্দ্রযান-২ মিশনেও বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে নামার চেষ্টা করেছিল। সেবার ব্যর্য হয়েছিল মিশন।
তবে চন্দ্রযান-২ মিশন থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান-৩ মিশনের বিক্রম। এবার আর চন্দ্রযান ২-এর মতো ১০০x১০০ কিলোমিটার কক্ষপথে যায়নি চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ মিশনের জেট প্রপালশন ইউনিট ১৫৩x১৬৩ কিলোমিটার কক্ষপথে রয়েছে।
বিক্রম ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার পর দুটি ডিবুস্টিংয়ের মাধ্যমে বর্তমানে রয়েছে ১৩৪x২৫ কিলোমিটার কক্ষপথে। সেখান থেকেই চাঁদের মাটিতে নামবে বিক্রম। চন্দ্র কক্ষপথের ২৫ কিলোমিটার দূরত্ব থেকে ডানা মেলে পাখির মতো বিক্রম চাঁদের মাটিতে নেমে আসবে বুধবার সন্ধ্যা নামার আগেই।
ইসরোর বিজ্ঞানীদের এখন সবটুকু মনোনিবেশ সফট ল্যান্ডিংয়ে। গতবার ২.৩ কিলোমিটার আগে ক্র্যাশ হয়ে গিয়েছিল চন্দ্রযান ২-এর বিক্রম। এবার তাই সতর্ক ইসরো। কোনওরকম তাড়াহুড়ো বা অস্থিরতাকে প্রশ্রয় না দিয়ে স্বপ্ন সফল করতে মরিয়া তাঁরা। এখন শুধু সফট ল্যান্ডিংটুকু বাকি। সেটুকু করতে পারলেই হবে ইতিহাস।
চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে পা রাখবে ভারতের চন্দ্রযান। দক্ষিণ মেরুর এত কাছে এখনও পর্যন্ত কোনও দেশ যেতে পারেনি। নাসা সার্ভেয়ার মিশনে পৌঁছেছিল ৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে। এবার বিক্রমকে দুবার ডিবুস্টিংয়ের মাধ্যমে সুপার স্লো যানে রূপান্তরিত করা হয়েছে। সফট ল্যান্ডিংয়ের জন্য সমস্ত কৌশল অবলম্বন করা হয়েছে। বিক্রমকে তৈরি করা হয়েছে সেই পরিকল্পনামাফিক।












Click it and Unblock the Notifications