Jaipur BookMark 2024: বই এখনও বিকল্পহীন, জয়পুর সাহিত্য উৎসবের সঙ্গে বাড়তি আর্কষণ বুকমার্কও, থাকছে একাধিক চমক
বর্তমান যুগে স্মার্টফোন, ল্যাপটপের ব্যবহার যতই বাড়ুক, বইয়ের কোনও বিকল্প হয় না। বিশ্বায়নের যুগে শিক্ষা তথা আমাদের জ্ঞানের অন্যতম উৎসই পুস্তক। বইমেলায় নতুন বইয়ের গন্ধ আজও পাঠকদের কাছে অন্যতম আর্কষণ। বাংলা হোক বা অন্য রাজ্য শীতের মরসুমে বইমেলা যেন অবিচ্ছেদ্য অংশ। বিগত এক দশক ধরে জয়পুর সাহিত্য উৎসবের সঙ্গেও জুড়ে আছে বইও।
জয়পুর বুকমার্কের এবার ১১তম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। জয়পুর সাহিত্য উৎসবের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে আছে জয়পুর বুকমার্কও, এটি দক্ষিণ এশিয়ার প্রকাশনা শিল্পের অন্যতম মঞ্চ হিসাবে গণ্য করা হয়। বিশ্ব-বিখ্যাত জয়পুর সাহিত্য উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হল জয়পুর বুকমার্ক। এটি এমন একটি মঞ্চ যেখানে বই এবং ব্যবসা নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে জড়িত।

ঐতিহ্য মণ্ডিত এই অনুষ্ঠানটি জয়পুর সাহিত্য উৎসবের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১লা থেকে ৫ই ফেব্রুয়ারি, পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সাহিত্য উৎসবে যেমন অংশ নেন দেশ-বিদেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকরা তেমনই জয়পুর বুকমার্কেও উপস্থিত থাকেন ভারত তথা এশিয়ার প্রথম সারির প্রকাশক গোষ্ঠী।।
গত দশ বছরে, এই অনুষ্ঠান সেরা প্রকাশক, সাহিত্যিক, সম্পাদক, লেখক, অনুবাদক এবং বই প্রকাশকদের এক মঞ্চে হাজির করেছে। এই মঞ্চটি শুধু বই প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ব্যবসায়িক সম্পর্ক গঠন এবং সহযোগিতার ক্ষেত্রকেও প্রসারিত করেছে।
লেখক, প্রকাশক, এবং জয়পুর সাহিত্য উৎসবের অন্যতম উদ্যোক্তা নমিতা গোখলে বলেছেন, "জয়পুর বুকমার্ক বইয়ের ব্যবসায় নতুন সমন্বয় এবং বিনিময়ে অবদান রেখে চলেছে৷ আসন্ন একাদশতম সংস্করণেও যার ব্যতিক্রম হবে না। ভারত তথা বিশ্বের বই প্রেমীদের জন্য বড় মঞ্চ এটা। সাহিত্যে তথা বইয়ের প্রতি আমাদের যে ভালোবাসা তা আরও একবার প্রকাশ পেতে চলেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।"
জয়পুর বুকমার্কের ডিরেক্টর মনীষা চৌধুরী বলেন, "জয়পুর বুকমার্ক ২০২৪ প্রকাশনা শিল্পের কিছু নেতৃস্থানীয় আলোকে সমন্বিত একটি প্রাণবন্ত ভাবনাকে একত্রিত করবে। ভারত এবং বিদেশের মূল ধারার প্রকাশকরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। ভারতীয় প্রকাশকদের কাছেও এটি বড় মঞ্চ নিজেদের বইগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরার। আমাদের লক্ষ্য বই-ব্যবসার সঙ্গে পাঁচ দিন বই-প্রেমকে ভালোভাবে যুক্ত করা।'
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য প্রদর্শনী' হিসাবে বর্ণনা করা হয়েছে, জয়পুর সাহিত্য উৎসবকে। বিগত ১৬ বছরে এটিকে একটি বৈশ্বিক সাহিত্যিক ঘটনাতে রূপান্তরিত হতে দেখা গেছে। ইতিপূর্বে প্রায় ২ হাজার জন বক্তা তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। সারা ভারত ও বিশ্ব জুড়ে এক মিলিয়নেরও বেশি বই প্রেমীকে স্বাগত জানিয়েছে এই অনুষ্ঠান, এবারও সাহিত্য উৎসবের সঙ্গে বাড়তি পাওনা হতে চলেছে বুকমার্ক ৷
এই পাঁচদিন একাধিক বই যেমন প্রকাশিত হবে। তেমই চলবে আলোচনা চক্রও। প্রবীণ প্রকাশক উর্বশী বুটালিয়া এবং ঋতু মেনন আর শিবপ্রিয়া সঙ্গে আলোচনায় অংশ নেবেন। ভারতে নারীবাদী প্রকাশনার ৪০ বছরের ইতিহাস নিয়ে তাঁরা কথা বলবেন।












Click it and Unblock the Notifications