প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান শুধু সময়ের অপেক্ষা নয়, পালন করতে হবে শর্তও
প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান শুধু সময়ের অপেক্ষা নয়, পালন করতে হবে শর্তও
প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা নয়। কংগ্রেসে যোগ দিতে গেলে তাঁকে পালন করতে হবে এক শর্তও। প্রশান্ত কিশোর যতই নিঃশর্তে কংগ্রেসে যোগদানের জন্য পা বাড়িয়ে থাকুন, কংগ্রেসে যোগ দিতে গেলে তাঁকে শর্ত পালন করেই আসতে হবে। কিন্তু কী সেই শর্ত, কংগ্রেসকে দেওয়া তাঁর প্রস্তাবে সম্মত হওয়ার পরও শর্ত আরোপ করেছে নেতৃত্ব।

স্রেফ সময়ের অপেক্ষা নয় কংগ্রেসে পিকের যোগদান
২০২৪-এর ভোটে বিজেপিকে হারাতে কংগ্রেসে যোগদানের সদিচ্ছা নিয়ে প্রশান্ত কিশোর দফায় দফায় আলোচনা চালাচ্ছেন হাইকম্যান্ডের সঙ্গে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে তিনি একাধিকবার বৈঠক করেছেন। কংগ্রেসকে ৬০০ স্লাইডের উপস্থাপনা পেশ করেছেন। কংগ্রেসের তরফে আবার তা খতিয়ে দেখতে প্যানেল তৈরিও হয়েছে। পিকের প্রস্তাবনায় কংগ্রেস খুশি। তাই তাঁর যোগদান এবার স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল।

অন্য সমস্ত দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে হবে
কিন্তু কংগ্রেস প্রশান্ত কিশোরকে দলে নেওয়ার আগে একটা শর্ত আরোপ করল। প্রশান্ত কিশোর সম্প্রতি কংগ্রেস ছাড়া বহু দলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। একটা সময় যেমন তাঁর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল, বর্তমানে তাঁর সঙ্গে প্রগাঢ় সম্পর্ক তৃণমূলের। তৃণমূল, টিআরএস-সহ একাধিক দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে কংগ্রেসে তাঁর যোগদান করা হবে না। অন্য সমস্ত দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেই কংগ্রেসে যোগ দিতে হবে পিকেকে।

পিকের কংগ্রেসে যোগদান বাধ সেধেছে একটি শর্তে
প্রশান্ত কিশোর রণকৌশল নিয়ে কারও মনে তেমন কোনও প্রশ্ন নেই। সবাই-ই প্রায় একমত তাঁর প্রচর পরিকল্পনায়। কিন্তু প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের যোগদান বাধ সেধেছে একটি শর্তে। তৃণমূলের সঙ্গে তাঁর ২০২৬ সালের বিধানসভা ভোট পর্যন্ত চুক্তি। সেই চুক্তি ছেড়ে তাঁর পক্ষে কি আসা সম্ভব? এই সমস্যা নিয়েই প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে।

কতটা বিশ্বাস করা উচিত পিকেকে, তা নিয়ে প্রশ্ন
দিগ্বিজয় সিং, কমলনাথের মতো নেতারা পিকের প্রস্তাবনায় সহমত হলেও প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। তাঁকে কতটা বিশ্বাস করা উচিত, তা নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ কংগ্রেস নেতারা বলেছেন, পিকেকে এই দল থেকে ওই দলে পেশাদার কৌশলী হিসেবেই দেখা গিয়েছে এতদিন। তাঁকে কংগ্রেসে নিতে গেলে অন্য সব দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসতে হবে।

গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রস্তাব দিতে পারেন সোনিয়া
সোনিয়া গান্ধীর তৈরি করা কমিটির সদস্যরা প্রশান্ত কিশোরের প্রস্তাবনা দেখে তাঁকে দলে নেওয়ার প্রস্তাব দিলেও অন্য দলের সঙ্গে তাঁর সম্পর্ক রক্ষাই এখন বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় কংগ্রেস সভানেত্রী শনিবারই প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বলতে পারেন। সেখানে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রস্তাব দিতে পারেন সোনিয়া গান্ধী। যাতে তাঁর অন্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসা সম্ভব হয়।

পিকে কোনও উল্লেখযোগ্য পদ চাননি, চান অধিকার
অর্থাৎ প্রশান্ত কিশোরকে কংগ্রেসে নিতে আগ্রহী হাইকম্যান্ড। কিন্তু অন্য দলের সঙ্গে সম্পর্কই এখন বাধা। প্রশান্ত কিশোর কোনও উল্লেখযোগ্য পদ চাননি। তিনি কিছু অধিকার চেয়েছেন। তার মধ্যে প্রধান স্বাধীনভাবে কাজ করার অধিকার। যে সমস্ত প্রস্তাবনা তিনি পেশ করেছেন, তা সঠিকভাবে নিরূপণ করার স্বাধীনতা তাঁকে দিতে হবে। বিনিময়ে তিনি সাফল্য এনে দেবেন। এই যা তাঁর দাবি।












Click it and Unblock the Notifications