'নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণে রাখুন'! মোদীকে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা, আর কী বললেন তিনি?
I-PAC (Indian Political Action Committee)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে আজ সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এবং শাসক দল বিজেপিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বার্তা দিলেন তিনি। তিনি বলেন, "নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণে রাখুন।"

এদিন সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। আর ঠিক তার পরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা। ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর সরাসরি ঘটনাস্থলে পৌঁছনোর ঘটনা এই রাজ্যে আগে কখনও দেখা যায়নি। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির তরফ থেকে এই ঘটনাকে "তদন্তে হস্তক্ষেপ" বলে আক্রমণ করা হয়। তারই পাল্টা জবাবে তীব্র ভাষায় কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "ওরা চুরি করে, আবার মিথ্যে কথাও বলে। আমাদের কাগজপত্র, দলের স্ট্র্যাটেজি, এমনকি ভোটারদের তথ্য পর্যন্ত লুট করছে। তারপর আবার মুখে বড় বড় কথা।" তাঁর অভিযোগ, বিজেপি পরিকল্পিত ভাবেই বাংলাকে নিশানা করছে।
মমতার কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি। তিনি বলেন যে, "এই ভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। একদিন শূন্যে নেমে আসবে আসন সংখ্যা, যা আছে সেটাও আর থাকবে না।" এরপরেই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর মন্তব্য, "দুঃখিত, কিন্তু আপনাকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হবে।"
ইডি অভিযানের পর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। কেন্দ্র এবং রাজ্যের সংঘাত যে আরও তীব্র হচ্ছে, তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications