দুর্গাপুজো হয় তিথি ধরে, প্রয়োজনে মহরম পিছিয়ে দেওয়া যায়! নয়া ‘নিদানে’ বিতর্কে যোগী আদিত্যনাথ
বাংলায় ভোটপ্রচারে এসে বেফাঁস মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্গাপুজো ও মহরম নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
বাংলায় লোকসভা ভোটের প্রচারে এসে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাঁধালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্গাপুজো ও মহরম নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। তিনি বলেন, তিথি অনুযায়ী দুর্গাপুজোর সময় বদলানো যায় না। প্রয়োজন হলে মহরমের সময় পরিবর্তন হয়। উত্তরপ্রদেশে তিনি পুজো আর মহরমের ক্ষেত্রে এভাবেই সমন্বয় বজায় রাখেন।

ধর্মীয় মেরুকরণের তাস
ভোট প্রচারের শেষ লগ্নে এসে ফের ধর্মীয় মেরুকরণের তাস খেলল বিজেপি। যোগী আদিত্যনাথ বলেন, সেবার যখন দুর্গাপুজো আর মহরম একসঙ্গে পড়ে গিয়েছিল, তখন অশান্তির পরিস্থিতি এড়াতে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়ে বিসর্জন বন্ধ রাখা হয়েছিল। শুধু বনেদি বাড়ির পুজোর বিসর্জন বিকেলের মধ্যে সেরে মহরমের তাজিয়া বেরনোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

হাতিয়ার দুর্গাপুজো আর মহরম
সপ্তম দফা ভোটের আগে ধর্মীয় মেরুকরণের তাস খেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাতিয়ার করলেন দুর্গাপুজো আর মহরমকে। তিনি বলেন, বাংলা ও উত্তরপ্রদেশ উভয় জায়গাতেই পুজো ও মহরম একসঙ্গে পড়েছিল। আমরা পুজোর দিনক্ষণ নির্দিষ্ট রেখে মহরমের দিন চূড়ান্ত করেছি। সেইমতো আমরা মহরমের তাজিয়া বেরনোর সময় বদলে দিয়েছিলাম।

ভয় পেয়ে হামলা তৃণমূলের
এদিন বারাসতের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, মঙ্গলবার অমিত শাহের রোড শোয়ে ভয় পেয়ে হামলার ঘটনা ঘটিয়েছে তৃণমূল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যাসাগর কলেজে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা তৃণমূলের পূর্ব পরিকল্পিত।

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন যোগী
গোটা ঘটনায় গেরুয়া শিবিরের কোনও যোগসাজোশ নেই বলে জানিয়েছেন যোগী। অমিত শাহের মিছিলে তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী এখন থেকে হতাশায় ভুগতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications