বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক! সুবর্ণ মাতিয়ে গেল মালদহ
সুবর্ণ আইজ্যাক বারি। গত এপ্রিলে ১৩ বছর পূর্ণ হয়েছে আমেরিকা নিবাসী এই বাংলাদেশি বংশোদ্ভূতর। তবে তার চেয়েও বড় কথা, বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপকের স্বীকৃতি রয়েছে সুবর্ণর ঝুলিতে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসেছিল সুবর্ণ। খড়গপুরের পর মালদহ হয়ে আজ সে গিয়েছে বিহারে।

১২ বছর বয়সেই সুবর্ণ সর্বকনিষ্ঠ অধ্যাপকের স্বীকৃতি পেয়েছে বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও সে বেশ সক্রিয়। এই 'বিস্ময় বালক' হাওড়া-কাটিহার এক্সপ্রেসে চড়ে গতকালই পা রেখেছিল মালদহে। মালদহ কলেজ ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সুবর্ণ দুটি ক্লাসও নিয়েছে। আলোচনা করে মূলত গণিত ও পদার্থবিদ্যা নিয়ে। বিভিন্ন স্তরের পড়ুয়ারা সেই আলোচনায় অংশ নেয়। মালদহ কলেজে হাজির হযেছিল জেলার বিভিন্ন প্রান্তের খুদে স্কুল পড়ুয়ারাও।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ও গবেষকরাও সুবর্ণর ক্লাসের অপেক্ষায় ছিলেন। সুবর্ণকে অভ্য়র্থনা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস-সহ অন্য অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে উপচে পড়ে পড়ুয়াদের ভিড়।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এসে সুবর্ণ বলে, এখানে আসতে পেরে আমি খুশি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। ক্লাসের পর রিসার্চ স্কলার শুভজিৎ মণ্ডল বলেন, এর আগে সোশ্যাল মিডিয়ায় ওর পড়ানো দেখেছি। এবার সরাসরি ক্লাস করতে পেরে আমরা খুব উপকৃত হলাম। ছোট হলেও ওর বক্তব্য আমার জীবনে খুব কাজে লাগবে। বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলির মতো আমরাও সুবর্ণকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাতে সাড়া মেলে। তার মূল্যবান বক্তব্য বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের অনেকটাই সাহায্য করবে।












Click it and Unblock the Notifications