উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করার দাবি! সহজ নয়, রাজ্যের অনুমতি প্রয়োজন বলে বিজেপিকে আক্রমণ মমতার
উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করার দাবি! সহজ নয়, রাজ্যের অনুমতি প্রয়োজন বলে বিজেপিকে আক্রমণ মমতার
বাংলা ভাগের অভিযোগ। উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে দেখার দাবি উঠছে। বিজেপির একাধিক সাংসদ মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। আর তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তাও শুরু করেছে বলে দাবি। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে কার্যত কিছুটা ক্ষুব্ধ হন তিনি। এরপরেই বিজেপির উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে দেখে নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের মুখে।

উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল!
ভোটের ফলপ্রকাশের পর থেকেই বাংলায় চলতে থাকা হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। এবার তাঁদের অভিযোগ, বাংলাদেশ, নেপাল-সহ একাধিক দেশ থেকে উত্তরবঙ্গে ঢুকছে দুষ্কৃতীরা। এমনকী, রোহিঙ্গারাও সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে উত্তরবঙ্গে জেলাগুলিকে। তাই এবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করার দাবি তুলছেন বিজেপি সাংসদ বিধায়করা। সূত্রের খবর, জলপাইগুড়িতে বিজেপির বৈঠকে এই দাবি উঠেছে। আর টা সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

বাংলা ভাঙতে এলে বাংলার মানুষ জবাব দেবে
এই বিষয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেণ, "বাংলাকে ভাঙতে এলে বাংলার মানুষ তার জবাব দেবে। কিছুদিন আগে ভোটে হেরেও শিক্ষা হয়নি ওঁদের।" মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "কেন্দ্রশাসিত অঞ্চল করা মানে কি? দিল্লির পায়ে পড়তে হবে? জম্মু কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রাখতে হবে?" এরপরই তিনি বলেন, "এ সব করা এত সহজ নয়। এর জন্য রাজ্যের অনুমতি লাগে। বিজেপি চাইলে জলপাইগুড়ি বিক্রি করে দিতে পারে না। আলাদা করে আলিপুরদুয়ার বিক্রি করে দিতে পারে না।"

কণ্ঠরোধ করার অভিযোগ
এর পরই বিজেপি কর্মীদেরও তীব্র কটাক্ষ করেন মমতা। বলেন, "যাঁরা দু-চারটে ফেক ভিডিও করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, তাদের পরে বুকে লিখে ঘুরতে হবে, বিজেপি করি না।" মোদী সরকারকেও এদিন তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন সহ একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি। অন্যদিকে জিএসটি কাউন্সিলের বৈঠক বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্রের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এদিন এ নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মমতা। উল্লেখ্য, গত কয়েকদিন আগে নির্মলা সীতারমনের উপস্থিতিতে জিএসটি কাউন্সিলের বঈঠক ছিল। তাতে অমিত মিত্র ছিলেন। কিন্তু সেই বৈঠকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও এদিন অভিযোগ করেন মমতা।।












Click it and Unblock the Notifications