মহিলাদের ভয়! কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
প্রচারের সময় এলাকার বিধায়ককেই গাড়ি থেকে নামিয়ে দিলেন তৃণমূল প্রার্থী। ঘটনাটি হুগলির উত্তরপাড়ার। স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ জানান, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তাঁর সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালভাবে নিচ্ছে না। তাই তাঁকে আসতে বারণ করা হয়েছে।
বৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায়। কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন। কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান।

- অপমানের মুখে কাঞ্চন
বিয়ে করার মাশুল যে এভাবে দিতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি কাঞ্চন মল্লিক। সোশাল মিডিয়ায় নতুন বউয়ের সঙ্গে আদিখ্যেতা! নেটদুনিয়ায় ফলোয়ার বাড়লেও সেই কাণ্ড কারখানার জন্য রাজনীতির দুনিয়ায় চূড়ান্ত অপমানের মুখে পড়তে হল উত্তরপাড়ার তৃণমূল বিধায়কে। প্রচার শেষ হওয়ার আগে মাঝ রাস্তাতেই উত্তরপাড়ার বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
- কাঞ্চনকে নিয়ে রিঅ্যাক্ট করছেন মহিলারা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি, তিনি জানেন না। তবে তিনি ওনাকে (কাঞ্চান) নিয়ে আগেও প্রচার করেছেন। কল্যাণ দাবি করেন, উনি তাঁর (কল্যাণ) সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছেন।
- তিনি সমষ্টিগত মানুষের জন্য
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ওনাকে (কাঞ্চন) আগেই বলে দিয়েছিলেন গ্রামে যেন না যান। আর তাঁর প্রচারে শুধু কেন থাকছেন? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে, সেখানে তো করছে না। কল্যাণ বলেন, তাঁকে মানুষের মন বুঝতে হচ্ছে। তিনি ব্যক্তি বিশেষের জন্য নন, সমষ্টিগত মানুষের জন্য। কল্যাণ .বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিনি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবেন না। ফলে এদিনের ঘটনার পরে আগামী দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যে কাঞ্চন মল্লিককে আর দেখা যাবে না, তা স্পষ্ট।
- উত্তরপাড়ায় তীব্র প্রতিক্রিয়া
প্রসঙ্গত, স্ত্রী পিংকির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। যা নিয়ে উত্তরপাড়ায় তার বিধানসভা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।












Click it and Unblock the Notifications