স্থানীয় বাজারে মদ বিক্রিতে অতিষ্ঠ হয়ে প্রতিবাদে নামলেন ঘরের মহিলারা
কামাখ্যাগুড়ি বাজারে মদ বিরোধী অভিযানে সোচ্চার হলেন এলাকার মহিলারা। বুধবার রাতে শামুকতলা থানার মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েত ও শামুকতলা বাজার এলাকায় মদের বিরুদ্ধে নেমেছিলেন অসংখ্য মহিলা।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলছে কুমারগ্রাম থানা সংলগ্ন কামাখ্যাগুড়ি বাজারে অবৈধ মদের ব্যবসা। পুলিশ-প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি। এরপরই এলাকার মহিলারা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করতে থাকে। মহিলাদের অভিযোগ, স্কুল-কলেজের ছাত্ররা মদে আসক্ত হয়ে পড়ছে। এছাড়া প্রতিদিন রাত ১২-১টা পর্যন্ত কামাখ্যাগুড়ি বাজারে চলে মদের ব্যবসা। প্রশাসন চোখের সামনেই তা ঘটছে। এরফলে বাধ্য হয়ে গতকাল রাতে পরিবারের রক্ষার্থে মদ বিরোধী অভিযানে নামতে বাধ্য হয়েছেন মহিলারা।
সম্প্রতি আবগারি দপ্তর মদ বিরোধী অভিযানে নেমেছিলেন বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছিল কয়েকজন ব্যক্তিকেও। কিন্তু রহস্যজনক ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি তপন সাহা বলেন, 'কালীপুজো চলা কালীন বেশ কিছু দিন অফিসে যাইনি। বিষয়টি আমার জানা ছিল না।'
আন্দোলনকারী এক মহিলা মমতা পাল বলেন, 'দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে চলেছে। আমরা এতোদিন কিছু বলিনি। ছোট ছোট স্কুল কলেজের পড়ুয়ারা মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। এরফলে অনেকের ক্ষতিও হয়েছে, তাই আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি।' পরিস্থিতি সামাল দিতে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আসে এবং ঘটনার তদন্ত করার আশ্বাস দেওয়ার পরই আন্দোলন থামায় মহিলারা।












Click it and Unblock the Notifications