প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেল ঘিরে একাধিক অভিযোগ এনে সরব হয়েছেন বারুইপুরের এক তরুণী। তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নামে প্রতারণা করেছেন তাঁর প্রেমিক।
পুলিশের দ্বারস্থ হয়ে তরুণীর দাবি, দু' বছর আগে শেখ সাহিলের সঙ্গে পরিচয় হয় তাঁর। মধ্যস্থতাকারী কিছপ বন্ধুর সাহায্যে তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় সাহিল। এরপর শুরু হয় প্রেম পর্ব। চলে ফোনে কথাবার্তা। শুরু হয় দেখা সাক্ষাৎ। এমন এক পরিস্থিতিতে বহুবার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হয় সাহিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে লিপ্ত হওয়ার জন্য তরুণীকে ওই ফ্ল্যাটে বার বার নিয়ে যেতে থাকে সাহিল। তরুণীর দাবি, তাঁকে ভুল বুঝিয়ে তাঁর অশালীন ছবিও তুলে নেয় প্রেমিক সাহিল , যা দেখিয়ে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে থাকে সে।
তরুণী জানিয়েছেন,যখনই সাহিলকে বিয়ের কথা বলা হত তখনই সে মুখ ফিরিয়ে নিত। এরকম চলতে থাকায় হঠাৎ একদিন কথা বন্ধ করে দেয় সাহিল। এরপর তরুণীর নগ্ন ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ তুলে সাহিলের বিরুদ্ধে বারুইপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই তরুণী।