বীরভূমে গৃহবধূর ওপর নারকীয় নির্যাতন, গণধর্ষণের পর যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে অত্যাচার
বীরভূমের সাঁইথিয়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় ৩ যুবকের বিরুদ্ধে, গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার তিন নং ওয়ার্ডে। ওই মহিলাকে গণধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে কাচের বোতল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশি নিস্ক্রীয়তারও অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার। অভিযুক্ত যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে সাঁইথিয়া থানার পুলিশ।

রবিবার রাতে নির্যাতিতার তেরো বছরের মেয়েই প্রথম মায়ের চিৎকার ও কান্না শুনতে পায়। এরপরই প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। থানায় ফোন করা হলে কেউ ফোন ধরেনি বলে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। এরপর থানায় গিয়ে অভিযোগ জানানো হলে, অভিযুক্তদের গ্রেফতার না করে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে হাসপাতালে ভর্তির করার পর তাঁর অবস্থা গুরুতর হলে নির্যাতিতাকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এক যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত। সেই সুযোগেই রবিবার রাতে আরও তিন বন্ধুকে নিয়ে তাঁর ওপর চড়াও হয় সে। গণধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে পালায় তারা। এদিকে ওই মহিলার মেয়ে চিৎকার শুনে ছুটে এসে দেখে, তার মা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেয় সে। তদন্তে নেমে সোমবার সকালে অভিযুক্ত যুবকদের আটক করে পুলিশ। রবিবার রাতে ঠিক কী ঘটেছিল তা জানতে নির্যাতিতার জবানবন্দিও নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications