রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ফের শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী, উঠে এল ‘বাংলাদেশ’ প্রসঙ্গও
মুর্শিদাবাদ, বীরভূম ও মালদায় অশান্তির ঘটনায় তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনকে দায়ী করে এবার শুভেন্দু টানলেন বাংলাদেশের প্রসঙ্গ। তিনি মুখ্যমন্ত্রীকে তুলনা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস-এর সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসকে আখ্যা দিলেন "রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা পরিচালিত দল"।
শুক্রবার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুরু হয় হিংসা। পুলিশের ওপর হামলা, রেলের সম্পত্তি লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকজন প্রাণও হারায়, এই ঘটনায়। এর জেরে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে এই সব এলাকায়।

পরিস্থিতি যাতে আরও না ঘনায়, তার জন্য বীরভূম ও মালদায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের কড়া নজরদারিতে চলছে এলাকায় টহলদারি। এমন সময় একাধিক পরিস্থিতির জন্যে এরাজ্যের প্রশাসনকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন বিধানসভার বাইরে থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, "এই পরিস্থিতি একেবারে বাংলাদেশের মত। তৃণমূলের আচরণ আনসারুল বাংলা জঙ্গি গোষ্ঠীর মত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনূস - দু'জনেই এক পরিবারের সদস্য"। তিনি আরও বলেন, "বাংলাদেশ এখন পাকিস্তানিদের হাতে চলে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গও সেই দিশায় এগোচ্ছে"।
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, "যখন হাসিনা সরকার ছিল, সিদ্দিকুল্লা চৌধুরীকে বাংলাদেশ ভিসা দিত না। আজ সেই ব্যক্তি বাংলায় আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, যা মেনে নেওয়া যায় না"।
নন্দীগ্রামের বিধায়ক আরও দাবি করেন, "আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনই তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক দল, রাষ্ট্রবিরোধী, জেহাদিদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল। ভারতের পক্ষে এই দল মারাত্মক হুমকি। এখন থেকেই তাই আমাদের সাবধান থাকা উচিত"।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যে রাজ্য-রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে যখন রাজ্যে ধর্মীয় উত্তেজনা প্রশমনের জন্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বিরোধী নেতা তৃণমূলকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করায় রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে।












Click it and Unblock the Notifications