Biman Banerjee: ২২ টি বিল আটকে রাজভবনে, রাজ্যপালের কথা ওড়ালেন বিধানসভার স্পিকার
রাজ্যপালের কথা উড়িয়ে দিলেন বিধানসভার স্পিকার। রাজভবন বিল আটকে রেখেছে। রাজ্য বিধানসভায় কোনও বিল নেই আলোচনা করার মতো। এই কথা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। বিধানসভার স্পিকারও এদিন বললেন রাজভবনে বিল পড়ে আছে৷
গতকাল মঙ্গলবার রাজ্যপালের একবছর হয়েছে এই রাজ্যে। সেই উপলক্ষ্যে রাজভবন থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস একাধিক বিষয়ে বার্তা দিয়েছিলেন। সাংবাদিকরা বিলের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। সেইসময় রাজ্যপাল জানান, রাজভবনে কোনও বিল পড়ে নেই।

কিন্তু সেই কথাকে মোটেও মান্যতা দিলেন না বিধানসভার স্পিকার। সরাসরি রাজ্যপালের কথাকে নাকচ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজভবনে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় বিল পড়ে আছে। আর সেই সংখ্যাও নেহাত কম নয়। রাজ্য বিধানসভা থেকে পাশ হওয়া ২২ টি বিল রাজভবনে আটকে আছে।
এই কথার পরেই ফের শুরু হয়েছে বিতর্ক। তাহলে কে ঠিক বলছেন? রাজ্যপাল না কী বিধানসভার স্পিকার? এদিন বিধানসভার স্পিকার যে বক্তব্য রেখেছেন তাতে যথেষ্ট খেদ রয়েছে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহাল। বিমান বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, সাংবাদিক সম্মেলন করে যা বলছেন, সেটি বিধানসভায় জানানো উচিত।
বিধানসভার রুলবুক অনুসারে রাজ্যপাল সরাসরি বিধানসভাকে জানাবেন। কিন্তু রাজ্যপাল সেই বিষয়ে কিছু জানাচ্ছেন না। ২২ টি বিল পড়ে আছে। কোন বিলের কী অবস্থা, সে সম্পর্কে জানাননি রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে অফিসিয়াল কোনও কমিউনিকেশন নেই। এই কথাও জানান স্পিকার।
তাহলে কি রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত সেই থাকলই? গতকাল তাঁর বক্তব্যে সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, সংঘাত বলতে যা বোঝায়, সেইসব নেই। বলা ভালো, সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নমনীয় মনোভাবই প্রকাশ করেছিলেন রাজ্যপাল।
যদিও এদিন রাজ্যপাল সম্পর্কে বিরূপ মনোভাব ব্যক্ত করেননি বিধানসভার স্পিকারও। তিনি রাজ্যপালকে ভালো মানুষ বলেই সার্টিফিকেট দিয়েছেন। তবে রাজ্যপালকে কেউ ভুল বোঝাচ্ছেন। এমনই বক্তব্য স্পিকারের।
এর আগে মন্ত্রী - বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল রাজভবনে আটকেছিল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। পরে রাজ্যপাল জানান, ওই বিল ছেড়ে দেওয়া হয়েছে।
আর কয়েক দিন পরেই রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন বসছে। এবার কোন কোন বিল নিয়ে আলোচনা হবে? সেই নিয়েই শুরু হয়েছে চর্চা।












Click it and Unblock the Notifications