ফের রাজ্যে স্বমহিমায় শীত, স্থায়িত্ব কত দিন, কী বলছে হাওয়া অফিস
রাজ্যে স্বমহিমায় ফিরল শীত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন। বৃহস্পতি কিংবা শুক্রবার নাগাদ কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির আশপাশে।
রাজ্যে স্বমহিমায় ফিরল শীত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন। বৃহস্পতি কিংবা শুক্রবার নাগাদ কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির আশপাশে। অন্যদিকে জেলার তাপমাত্রা নামতে পারে ৮ থেকে ৯ ডিগ্রিতে।

আগের বছরের শেষ কিংবা নতুন বছরের শুরু, ছিল মেঘলা আবহাওয়া। দিনে তাপমাত্রা খানিকটা বেশিই ছিল।
তবে নতুন বছরের দ্বিতীয় দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। সরেছে মেঘ। সকালের তাপমাত্রা সেরকম না কমলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হাওয়ার দাপট। ফিরেছে ঠান্ডা হাওয়া।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি কিংবা শুক্রবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা নামতে চলেছে ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে। জেলার তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ৯ ডিগ্রিতে। প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড কিংবা ওড়িশায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনও সতর্কতা জারি করা হয়নি।
শীতের মরশুমের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা কিছুটা নামলেও, বঙ্গোপসাগর কিংবা বাংলাদেশে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ায় শীতের পথে বাধা আসে। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝা বেশ শক্তিশালী বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তার জেরেই রাজ্যের তাপমাত্রা নামতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications