দার্জিলিং অথবা কাশ্মীর নয়, শীতের চমক পুরুলিয়ায়! খড়ের গাদায় জমল বরফ, দেখার জন্য ভিড় জমিয়েছেন স্থানীয়রা
রেকর্ড শীতের দাপটে এবার চমকে উঠেছে পুরুলিয়া। স্থানীয়রা কখনোই ভাবেননি যে, জঙ্গলমহলের এই জেলায় কখনও এতটাই ঠান্ডা পড়বে যে সকালে উঠে বরফের মতো সাদা আস্তরণ দেখা যাবে। শনিবার ভোরে পুরুলিয়ার বান্দোয়ানের ডাঙ্গা এলাকায় খড়ের গাদার উপর দেখা যায় তুষারের পুরু। রবিবারও ঠিক সেই দৃশ্য দেখা যায়। ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারের খড়ের গাদার উপরে সাদা আস্তরণ জমে থাকতে দেখা গেছে।

গত কয়েকদিন ধরেই পুরুলিয়ায় কনকনে ঠান্ডা পড়েছে। শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নেমে গিয়েই হয়েছিল ৫-৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে আবার ঠান্ডা এতটাই ছিল যে মানুষকে আগুন জ্বালিয়ে হাত-পা গরম করতে হচ্ছিল। সেই সঙ্গে চোখে পড়ে অস্বাভাবিক সাদা আস্তরণ।
ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারে খড়ের উপর জমে থাকা বরফের মতো স্তর দেখে রীতিমতো অবাক হয়ে যান সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রাতঃভ্রমণে বেরিয়েই এই দৃশ্য নজরে আসে অনেকের। কাছে গিয়ে দেখেন যে, সেটি আসলে ভূমি তুষার। খবর ছড়াতেই এলাকাজুড়ে ভিড় জমে যায়।
স্থানীয়দের দাবি, চলতি মরশুমে শীতের তীব্রতা সমস্ত রেকর্ড ছুঁয়েছে। তাঁদের কথায়, "দার্জিলিং অথবা কাশ্মীর নয়, ঝালদাতেই যেন বরফ দেখতে পাচ্ছি।" তবে এই কনকনে ঠান্ডায় সবচেয়ে সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষ এবং শিশুরা। সকালে বাড়ি থেকে বেরোনো একদম কঠিন হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, পুরুলিয়ায় সাধারণত তুষারপাত হয় না। একে বলা হয় 'ফ্রস্ট'। তাপমাত্রা হঠাৎ খুব নীচে নেমে গেলে জলীয় বাষ্প জমে যায় এবং এভাবেই সূক্ষ্ম বরফের কণার মতো দেখতে হয়।












Click it and Unblock the Notifications