শীতের বিদায় ঘণ্টা? গরম বাড়ার ইঙ্গিত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ঘন ঘন বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। এখনও শীতের হালকা আমেজ টিকে থাকলেও, তার স্থায়িত্ব আর বেশিদিন নয়, ঠিক এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও। ফলে প্রশ্ন উঠছে তবে কি শীতকে সত্যিই বিদায় জানানোর সময় এসে গেল?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়তে পারে সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষ করে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন পারদ ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। উত্তুরে হাওয়ার প্রভাব কমতে শুরু করায় শীতের তীব্রতাও অনেকটাই কমে আসবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর পরবর্তী চারদিন তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন না হলেও, স্বাভাবিকের ঘরে ফিরবে পারদ। অর্থাৎ কনকনে শীতের পরিবর্তে মিলবে স্বস্তিকর আবহাওয়া।
কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিলেও তা ঘন আকার নেবে না।
উত্তরবঙ্গেও একই ছবি। আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে।
সব মিলিয়ে মোটের উপর বলা যায়, শীতের জোর ক্রমশ কমছে। দিনের বেলায় রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। এখন দেখার, ফাল্গুনের আগে শীত আর একবার ফিরে আসে কিনা, নাকি এবার সত্যিই বিদায়ের পালা।












Click it and Unblock the Notifications