নভেম্বরের শেষে শীত উধাও! বাড়ছে উষ্ণতা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।
নভেম্বরের শেষপ্রান্তে দাঁড়িয়ে শীত যেন অধরা। কার্তিকের শেষদিকে যে ঠাণ্ডার একটু উপস্থিতি মিলেছিল, অগ্রহায়ণের শুরুতেই তা মিলিয়ে গিয়েছে। ফলে মাসের শেষ লগ্নেও রাজ্যজুড়ে নেই তেমন শীতের আমেজ। উল্টে দুপুরবেলা রোদের তেজে কপালে ঘাম ঝরানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অনেক বাড়িতেই এখনও ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে। গত কয়েক দিনে তাপমাত্রা যে ২ থেকে ৩ ডিগ্রি বেড়েছে, তা স্পষ্ট মনে করিয়ে দিচ্ছে শীত আসতে এখনও দেরি আছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই একটি নিম্নচাপ তৈরি হতে পারে। মালাক্কা প্রণালীতেও ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে বলে অনুমান। এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

তবে বাংলায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না। কিন্তু হাওয়ার গতিপ্রকৃতি বদলে যেতে পারে, যার ফলে তাপমাত্রা কমার বদলে আরও খানিক বাড়তেই পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার ও শুষ্ক। ভোরবেলা তাপমাত্রা সামান্য কম হলেও দুপুরে রোদের দাপট অব্যাহত থাকবে।
আগামী ২ থেকে ৩ দিনে সকালের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় পারদ ফের ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
পশ্চিমের জেলাগুলিতে রাতের ঠাণ্ডা আরও বাড়তে পারে। শিশির পড়বে, ভোরের দিকে কয়েকটি জায়গায় হালকা কুয়াশা দেখা দিতে পারে।
তবে উত্তরবঙ্গেও আবহাওয়া আপাতত শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র পার্বত্য অঞ্চলে। কালিম্পংয়ের কিছু এলাকায় আজও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, বড় কোনও পতনের খবর নেই। আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিংয়ের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।
রাতের দিকে শিশির পড়বে ও ভোরে সামান্য কুয়াশা দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানাচ্ছে নভেম্বরের বাকি দিনগুলোয় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম।
এমনকি ডিসেম্বরের প্রথম দিকেও বড়সড় ঠাণ্ডার ঢেউ নেমে আসার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। অর্থাৎ এ বছর জাঁকিয়ে শীতের হাত পেতে অপেক্ষা বাড়তেই পারে!












Click it and Unblock the Notifications