শুভেন্দু অধিকারীকে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাসপেন্ড করবেন? প্রশ্ন তৃণমূল নেতা শান্তনু সেনের
প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপি রাজনৈতিক তোড়জোড় শুরু করেছে। শুভেন্দু অধিকারীকে কি প্রধানমন্ত্রী সাসপেন্ড করবেন? তৃণমূল যেভাবে দুর্নীতিতে থাকা তাদের নেতাদের শাস্তি দেয়, তেমন কিছু শুভেন্দু অধিকারীর সঙ্গে হবে? এই প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা শান্তনু সেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে। আরামবাগ কৃষ্ণনগরে পর পর দুদিন সভা। ৬ তারিখ বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই নিয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করলেন। এমনই মন্তব্য তৃণমূলের।

পাল্টা বক্তব্য রাখছে বিজেপি। বাংলার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন। এমনই দাবি বিজেপির। লোকসভা ভোট শিয়রে চলে এসেছে। মার্চ মাসের মাঝামাঝি ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। একথা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। মার্চের শুরুর দিন থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করল বাংলায়।
গত বিধানসভা সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় একাধিক জনসভা করেছিলেন। বিজেপির হেভিওয়েট নেতা-মন্ত্রীরা বাংলায় সভা করেছেন। সেই সময় 'আব কি বার ২০০ পার' এই স্লোগান বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসনে থেমে গিয়েছিল বিজেপির জয়রথ।
কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করে কোনও কিছু করতে পারেননি। বাংলার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে ফিরিয়ে দিয়েছে। এই দাবি তৃণমূলের পক্ষ থেকে বার বার করা হয়। এবারও সেই একই বক্তব্য তৃণমূলের পক্ষ থেকে প্রচার শুরু হয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচারে আসছেন। লোকসভা ভোটের প্রচার তিনি শুরু করে দিলেন। একথা তৃণমূলের পক্ষ থেকে মনে করা হচ্ছে। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন কটাক্ষ করেছেন। এবারও প্রধানমন্ত্রীর ডেইলি পেসেঞ্জারি শুরু হচ্ছে। তবে মানুষ বিজেপিকে সমর্থন করে না। সেই কারণে কোনও প্রচারই আখেরে বাংলায় সুবিধা দেবে না। বিজেপিকে বাংলার মানুষ ভরসা করে না।
শান্তনু সেন একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, বাংলার মানুষ জানতে চায় ২০১৯ সালে বাংলা থেকে ১৮ সাংসদ নিয়ে গিয়েছিল বিজেপি। বাংলার পাওনা বিজেপি সাংসদরা আটকে দেওয়ার জন্য সুপারিশ করেন। তাদের কথা শুনে প্রধানমন্ত্রী বাংলার এক লক্ষ ৬০ হাজার কোটি টাকা আটকে রেখেছেন। প্রায় ৬০ - ৬৫ লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি। ১১ লক্ষ ৩৬ হাজার মানুষকে বাড়ির টাকা দেওয়া হয়নি।
শুভেন্দু অধিকারীর সঙ্গে কি প্রধানমন্ত্রী এক মঞ্চে থাকবেন? যে শুভেন্দু অধিকারীর নাম সিবিআই এফআইআর - এ আছে। যার নামে ২০ টি এফআইআর রয়েছে। যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। না কী শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী আজ সাসপেন্ড করবেন?
বাংলার পরিস্থিতি সম্পর্কে মানুষ জানে। এখানে মানুষ হাহাকার করছে। বাংলার মানুষ মুক্তি চাইছে। নরেন্দ্র মোদী এই মুক্তি দিতে পারেন। সে কারণেই প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। বাংলার পরিস্থিতি যতদিন না পরিবর্তন হয়, তত দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। এমন দাবি বিজেপির সাংসদ দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications