দিলীপই কি বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি! যাঁদের কথায় সিদ্ধান্ত এখনও ঝুলে
প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর রাজ্য সফর চলাকালীনই সাংগঠনিক নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব।
প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর রাজ্য সফর চলাকালীনই সাংগঠনিক নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রাজ্য সভাপতি নির্বাচন। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন- এখনও লাখ টাকার সেই প্রশ্নের উত্তর মেলেনি। সিদ্ধান্ত হয়নি, কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। তা জানতে এখনও অপেক্ষা করতে হবে চারদিন।

বৈঠকে যাঁদের সঙ্গে কথা
ভূপেন্দ্র যাদব রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন ও নয়া রাজ্য কমিটি গঠন নিয়ে রবিবার দুপুরে বৈঠক করেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, অরবিন্দ মেনন-সহ এ রাজ্যের দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী প্রমুখ।

নয়া সিদ্ধান্ত ১৭ জানুয়ারি!
প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন ভূপেন্দ্র যাদব। তিনি প্রত্যেকের মতামত জানতে চান। রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনে কে কাকে চাইছেন, তা জানতেই আলাদা করে কথা বলেন তিনি। তবে তিনি কোনও মতামত দেননি। একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তা হবে ১৭ জানুয়ারি।

রাজ্য কমিটিতে সঙ্ঘের প্রাধান্য!
বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি নয়া রাজ্য কমিটি গঠন নিয়েও এদিন আলোচনা হয়েছে। রাজ্য সভাপতি নির্বাচনের পরই তাঁর মতামত নিয়ে রাজ্য কমিটি গঠন হবে। তবে এবার রাজ্য কমিটিতে যে সঙ্ঘের প্রাধান্য বাড়বে, তা নিশ্চিত। বাংলার নির্বাচনের লক্ষ্যেই এবার হিন্দুত্ববাদী মুখকে সামনে আনা হচ্ছে।

মিশন ২১-এর টিমও গঠন হবে
একইসঙ্গে মিশন ২১-এর টিমও গঠন করা হবে। পুরনো নেতাদের গুরুত্ব দিয়েই এই টিম গঠন করা হবে। এই টিম কাজ করবে কর্পোরট মডেলে। বিজেপির সর্বভারতীয় সভাপতি ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছেন। বাংলা জয়ের লক্ষ্যে ভোটের দে়ড় বছর আগে থেকেই নিজের টিম তৈরি রাখতে চান অমিত। অমিতের লোক ভূপেন্দ্র যাদব সেই ক্ষেত্রই তৈরি করে গেলেন।

সভাপতি পদে কি দিলীপ ঘোষই
এখন প্রশ্ন রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষই থাকবেন, নাকি তাঁর স্থলাভিষিক্ত হবেন অন্য কেউ। দেড় বছরের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। কোনও নতুন মুখকে এই সময়ে বিজেপির সভাপতি পদে আনা হবে কি না, তা নিয়ে প্রশ্ন ঝুলে রয়েছে। বিশ্বস্ত সূ্ত্রে খবর, অনেকেই দিলীপের ভূমিকায় সন্তুষ্ট নন।

২০২১-এর ভোটে কে থাকবেন সামনে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে পৃথকভাবে কথা বলে তা জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির অনেক নেতাই। রাজ্য বিজেপির অন্দরে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক জারি রয়েছে। তবে দিলীপকে সামনে রেখেই বিজেপি যে ২০২১ ভোটে লড়বে, তা একপ্রকার নিশ্চিত। তারপরই রাজ্য সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকদের বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications