কেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্রাণ খোয়াল নাবালক স্কুল ছাত্র, নেপথ্যে কোন কারণ?
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একাদশ শ্রেণির এক ছাত্রকে ছুরির আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম মনোজিৎ। সে বাগবাজার বয়েজ স্কুলের পড়ুয়া ছিল। বয়স মাত্র ১৭ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো শুক্রবারও স্কুল থেকে ফেরার কথা ছিল মনোজিতের। কিন্তু নির্দিষ্ট সময়ে সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তারা। এরপর তার এক বন্ধুর কাছ থেকে ফোন আসে যে তাদের ছেলে অসুস্থ, এবং দ্রুত সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে বলা হয়।

পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। তাদের ছেলে গলায় ছুরির গভীর আঘাত ছিল। গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মনোজিতকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে আটক করেছে। তবে মেট্রো স্টেশনের মধ্যে কীভাবে একজন ছাত্র ছুরি নিয়ে প্রবেশ করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিরাপত্তার ঢিলেঢালা অবস্থা নিয়েও সরব হয়েছে আমজনতা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর ৩টে নাগাদ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুইদল ছাত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আচমকা এক ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে অপর ছাত্রের গলায় আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। সেই ছাত্রটিই ছিল মনোজিৎ। চিৎকার শুনে কয়েকজন যাত্রী, রেল পুলিশ এবং আরপিএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় মনোজিতকে দ্রুত সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।












Click it and Unblock the Notifications