‘মুসলিমদের বাড়তি সুবিধা কেন?’ জানতে চেয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে ফের হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু
ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার সংবিধান মেনে কাজ করছে না এবং ওবিসি সমীক্ষার নামে একটি বিশেষ সম্প্রদায়কে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে বিজেপি সোমবার হাইকোর্টে মামলা করবে বলে জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে ওবিসি সমীক্ষার কাজ সঠিকভাবে করা হচ্ছে না। তিনি বলেন, "ওবিসির রি-সার্ভে করতে হলে সবার হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বাংলা সহায়তা কেন্দ্র, আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের দিয়ে শুধুমাত্র মুসলিমদের সার্ভে করানো হচ্ছে। এমনকি ইমামদের পরামর্শ অনুযায়ী এই সমীক্ষা পরিচালিত হচ্ছে"।

তিনি আরও জানান, মামলায় জাতীয় ওবিসি কমিশনকে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে, যাতে এই বিষয়টি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়। শুভেন্দুর মতে, রাজ্যে সীমিত কর্মসংস্থানের সুযোগ ওবিসি সংরক্ষণের জটিলতার কারণে আরও বাধাগ্রস্ত হয়েছে।
বিরোধী দলনেতার কথায়, "ওবিসিতে মুসলিমদের বিশেষ সুবিধা দেওয়ার নামে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু চাকরি নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে হিন্দু ওবিসিরা আরও বেশি ক্ষতির মুখে পড়ছে"।
এই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও আক্রমণ শানিয়ে শুভেন্দু জানান, "রাম নবমীর পর রাজ্যজুড়ে হিন্দু ওবিসিদের বাঁচাও কর্মসূচি পালন করা হবে। সরকার শুধু সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু চাকরি দিচ্ছে না। ধর্মীয় মেরুকরণের মাধ্যমে তুষ্টিকরণের রাজনীতি করছে। এজন্যই আমরা এই সরকারকে 'মুসলিম লিগ-২' বলে থাকি!"
প্রসঙ্গত, সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। তবে হাইকোর্ট এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেয়, "ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না", এবং রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে।
বিরোধী দলনেতার দাবি, রাজ্যের তরফে যে নতুন সমীক্ষা চালু করা হয়েছে, তাতেও প্রচুর গরমিল রয়েছে এবং এর মাধ্যমে মুসলিমদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি এই বিষয়ে লড়াই চালিয়ে যাবে এবং আদালতের দ্বারস্থ হয়ে ন্যায়বিচারের দাবি জানাবে।












Click it and Unblock the Notifications