" কে রাজ্যপাল? কোন ভোটে জিতে এসেছেন?" সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের
কে রাজ্যপাল? কোন ভোটে জিতে এসেছে? বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে বসে এই প্রশ্ন করলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সিভি আনন্দ বোসকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী।
নব নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে রীতিমতো চর্চা চলছে। বিধানসভা বনাম রাজভবন, জোর দড়ি টানাটানি চলছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন বিধানসভাতে শান্তিপূর্ণ অবস্থান করছেন। সেখানে আজ শুক্রবার ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন।

ফিরহাদ হাকিম রীতিমতো রাজ্যপাল প্রসঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন। একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। " কে রাজ্যপাল? কোন ভোটে জিতে এসেছেন? বাংলার মানুষের কনফিডেন্স তাঁর প্রতি কোথায়? তাঁর নামে তো প্রায়ই শোনা যায়। চরিত্র কোথায়? রাজ্যপালের যে চেয়ার, তার অবমাননা করছেন।"
"এরা দুজনেই মানুষের ভোটে দিতে এসেছে। রাজ্যপালের ভোটে নয়। বিজেপির দালালির ভোটে নয়। বিজেপিকে বিচ্ছিরি ভাবে হারিয়ে, মানুষ রায় দিয়েছে। সেই মানুষের অসুবিধা করছেন রাজ্যপাল।" জোরালোভাবে এই কথা বললেন ববি হাকিম।
" বাংলার মানুষের বিরোধিতা কে করছেন, রাজ্যপাল। বাংলার মানুষের মত নিয়ে জেতা সদস্যদের হ্যারাস কে করছেন, রাজ্যপাল। বাংলার মানুষের অবমাননা কে করছেন, রাজ্যপাল। কেন? কী অধিকার আছে আপনার? " প্রশ্ন তুললেন ফিরহাদ৷
অমিত শাহকে খুশি করতে, আগামী দিনে নিজের জায়গা ধরে রাখতে, এই কাজ করে চলেছেন রাজ্যপাল। রাজভবনের ঘটনার রিপোর্ট গিয়েছে রাষ্ট্রপতির কাছে। আর তাঁকে নমিনেটেড করবেন না। নিজের জায়গা ধরে রাখতে এখন রাজ্যপাল এসব করছেন। এমনই বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম৷
কবে দুই বিধায়ক শপথ গ্রহণ করবেন? তাই নিয়ে জটিলতা বিন্দুমাত্র কমেনি। বরং রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। রাজ্যপাল এখনও দিল্লিতে রয়েছেন। আগামী দিনেও দুই বিধায়ক বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা দেবেন। এই কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications