কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কটাক্ষ ও চ্যালেঞ্জ দুই ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। সেই বক্তব্যের পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিষেকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ডায়মন্ড হারবারের সাংসদকে চ্যালেঞ্জও করেছেন।
সোমবার গুরুপূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পটরা সবই তৃণমূল কংগ্রেসের সম্পদ। উনি আসলে ওনার নিজের পার্টির কথা বলতে গিয়ে ভুল করে আমাদের পার্টির কথা বলে ফেলেছেন।"

তিনি আরও কটাক্ষ করেন, " পাড়ার যত পেঁচো মাতাল সব ওনার দলেরই নেতা। উনি হয়তো সবার নাম জানবেন না। উনি চাইলে আমি জেলা ধরে ওইসব মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেব।" ভোটের সময় ৪০ কোটি টাকা মদে খরচ করেছে বিজেপি। এই কটাক্ষও করেছেন অভিষেক। সুকান্ত পাল্টা বলেন, "এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, তার লিস্ট অবধি আমাদের হাতে রয়েছে। বুথ লেবেল পর্যন্ত ১৫ হাজার টাকা করে একেক জনের পিছনে খরচ করা হয়েছিল।"
তৃণমূলের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থাকবে, না কী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে তৃণমূল? সেই বিষয় নিয়ে দলের অন্তরে বিবাদ রয়েছে। কংগ্রেস ২১ জুলাই আলাদা করে পালন করে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুটি ২১ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। এটা দেখলে অবাক হওয়ার জায়গা নেই। তীব্র খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
যারা বেশি গর্ব অনুভব করেন, তারা পরে হারিয়ে যান। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি গর্ব অনুভব করছেন। আগামী দিনে গর্তে হারিয়ে যাবেন। সেই সময় এসে গিয়েছে। দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কে চালাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় না কী অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন ফের তুললেন সুকান্ত।
" অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন? উনি একজন সাধারন সাংসদ। সাংসদ হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন। তাহলে মুখ্যমন্ত্রীর এটিকে সাংবিধানিক শিলমোহর দেওয়া উচিত। কিন্তু সাংবিধানিক শিলমোহর ছাড়া যদি কেউ এই ঘটনা ঘটিয়ে যান, তাহলে ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয়।" পরিষ্কার এই বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার।
ভোট লুট না করে, ছাপ্পা না দিয়ে, কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে সুষ্ঠু ভোট করিয়ে দেখাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কতটা ভালোবাসা তৃণমূলের প্রতি আছে, দেখা যাবে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications