বৃষ্টির সম্ভাবনা দূর অস্ত কলকাতায়, বৃষ্টির পূর্বাভাস শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
ঘূর্ণাবর্ত পাড়ি দিয়েছে সুদূর আন্দামানে। রবিবার আকাশজুড়ে মেঘ ঘনিয়ে আসায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও, একদিনের মধ্যেই তা ফের দূরাশাই।
কলকাতা, ১৮ এপ্রিল : ঘূর্ণাবর্ত পাড়ি দিয়েছে সুদূর আন্দামানে। রবিবার আকাশজুড়ে মেঘ ঘনিয়ে আসায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও, একদিনের মধ্যেই তা ফের দূরাশাই। এখনই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়ে দিল। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে রয়েছে শহরবাসী। কিন্তু কালবৈশাখীরও দেখা মেলেনি এবার, স্বাভাবিক বৃষ্টিও নেই। চৈত্রের শেষে হাঁসফাঁস গরমে তেতে-পুড়ে একাকার হয়েছে শহর। বরং বৈশাখ পড়ার পর আবহাওয়া একটু নরম রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এটুকুই যা স্বস্তি। চৈত্রের মাঝে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়েছিল। 'লু' বইছিল কলকাতাতেও। আপাতত স্বাভাবিকই থাকবে তাপমাত্রা।
তবে শহর বৃষ্টির জন্য হাহাকার করলেও, গ্রামের মানুষ চাইছেন, বৃষ্টি হোক আর কয়েকটা দিন পরে। মাঠে মাঠে ধান কাটার কাজ চলছে। সেই ধান গোলায় তোলা না পর্যন্ত স্বস্তি নেই চাষির পরিবারের। এখন বৃষ্টি হলে সব পণ্ড। মাঠেই ফেলে আসতে হবে ধান। সারা বছরের রুজি-রুটি নষ্ট হয়ে যাবে। তাই কৃষককূলের প্রার্থনা আর কয়েকটা দিন পরে বৃষ্টি হলেই মঙ্গল।












Click it and Unblock the Notifications