তীব্র দাবদাহে শান্তির বারি আনবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত!
তীব্র দাবদাহের মধ্যেই শান্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়ায়। আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
কলকাতা, ১২ এপ্রিল : তীব্র দাবদাহের মধ্যেই শান্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়ায়। আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চড়া রোদ আর গরম হাওয়া থেকে মুক্তি মিলতে পারে আপাতত। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট চলবে।

বুধবার কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা যথারীতি ৪০-এর উপরে থাকবে। এদিনও গরম হাওয়ার দাপট বজায় থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। ভ্যাপসা গরমে নাজেহাল হওয়ার চিত্রই দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করবে। কলকাতা ও কলকাতা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একটাই আশা, ঘূর্ণাবর্তের কারণে যদি আজও দু-এক পশলা বৃষ্টি হয়!
মঙ্গলবারই আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল আগামী দু'দিনেই ৪০ ছুঁতে পারে শহরের তাপমাত্রা। সেই পূর্বাভাস মিলে যাচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে যে আভাস দিয়েছিলেন আবহবিদরা, সেখানে এসেছে খানিক পরিবর্তন। প্রখর দারুন দগ্ধ দিনে শান্তির বারি আনতে পারে আন্দামান সাগরে ঘণীভূত নিম্নচাপ। হাওয়া অফিস অবশ্য স্পষ্ট করে দিয়েছে, রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে বৃহস্পতিবার থেকে।












Click it and Unblock the Notifications