Adhir Chowdhury: ইন্ডিয়া জোট কোথায়? তৃণমূলের বিরুদ্ধেই রাজ্যে কংগ্রেস লড়বে, জোর গলায় দাবি অধীর চৌধুরীর
তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করবেন কংগ্রেস নেতা, সাংসদ অধীর। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে জোট নিয়ে একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন সমঝোতা নিয়েও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রদেশ কংগ্রেস কি রাজ্যে জোট চাইছে না?
অধীর চৌধুরী তৃণমূলের সঙ্গে রাজ্যে জোট চাইছেন না। তিনি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন এত বছর। লড়াই করেই নির্বাচনে জিতেছেন। এবারও সেই লড়াই করেই নির্বাচনে জিততে চান অধীর চৌধুরী। শনিবার তিনি সাংবাদিক বৈঠক করেছেন।

বহরমপুরের সাংসদ বলেন, লড়াই করেছি। লড়ছি এবং লড়ব। বাংলাতে, মুর্শিদাবাদ জেলাতে আমরা পরাজিত করেছি তৃণমূলকে। একবার নয়, বারবার। সারা বাংলা আমরা দখল করে নেব। সারা বাংলাতে যেখানে কংগ্রেস আছে, সেখানে কংগ্রেস লড়াই করবে। সেখানে কংগ্রেস জয়ী হবে।
তাহলে কি বাংলায় তৃণমূলের সঙ্গে জোট চাইছেন না অধীর চৌধুরী? সাংসদ বলেন, বাংলায় কংগ্রেস লড়াই করছে তার মতো। তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা ব্যাপার। তৃণমূল দল লোকসভা নির্বাচন নিয়ে ঘোষণা করে দিয়েছে দেশে। তারা এক, কিন্তু রাজ্যে তারা এক নয়। এগুলোতে আমাদের যায় আসে না।
তাহলে ইন্ডিয়া জোট নিয়ে আগামী দিনে রাজ্যে কীভাবে এগোনো হবে? ইন্ডিয়া জোট কি হবে না? অধীর চৌধুরী বলেন, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সঙ্গে এল বা গেল, তার আমরা ভাবধারী না। মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলকে এবং বিজেপিকে পরাজিত করব।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, জোটের সম্ভাবনা দিদি তো নস্যাৎ করে দিয়েছেন। দিদি নিজেই জোট চাইছেই না। বাংলার মুখ্যমন্ত্রী তিনি জোট চাইছেন না। তিনি জোট করলে অসুবিধা আছে। জোট করতে গেলে তার অসুবিধা অনেক। আমাদের কিন্তু কোনও আপত্তি নেই। কে এল বা কে গেল। তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই। এই বাংলাতে কংগ্রেস তার নিজস্ব ক্ষমতা নিয়ে লড়াই করবে। তাহলে বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী? সেই প্রশ্ন আরও জোরালো হল।












Click it and Unblock the Notifications