বাকিবুরের কাছে কি জ্যোতিপ্রিয়র টাকা? ইডির হানা স্বাভাবিক ঘটনা, দাবি সুকান্ত, সুজনের
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে কি তাহলে বাকিবুর রহমানের যোগাযোগ আছে? বৃহস্পতিবার সাতসকালে কেন মন্ত্রীর বাড়িতে হানা দেবে ইডি? এই প্রশ্ন উঠছে। আর এই ঘটনা নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা বিষয়ে খোঁচা সিপিএম নেতা সুজন চক্রবর্তীরও। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা খুবই সাধারণ ঘটনা। এ আগেই হওয়া উচিত ছিল। এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার ও সুজন চক্রবর্তী।

বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগের কথা বারবার তুলছেন বিরোধীরা। বাকিবুরের বিশাল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একশো কোটি টাকা মূল্যের জমি আছে বাকিবুরের। সেই জমি কি একা বাকিবুরের? না কী অন্য কেউ বা কারা ওই জমি কিনেছিল?
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, বাকিবুরের এত সম্পত্তির মালিক আসলে কে! এ কথা সকলেই জানে। এটা ওপেন সিক্রেট। অন্য কারোর টাকা বাকিবুর রহমানের নামে আছে। এখন বোঝা যাচ্ছে, কার টাকা।
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা স্বাভাবিক ঘটনা। অনেক আগেই হওয়া উচিত ছিল৷ সুকান্তের কথায়, শুধু হানা দিলেই হবে না। এদের জেলেও ঢোকাতে হবে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির যাওয়া স্বাভাবিক ঘটনা। রাজ্যে ১০ কোটি মানুষকে রেশন দেওয়া হয়। এই দাবি মুখ্যমন্ত্রী করেন। সুজনের কথায়, রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ রেশন নেন। আড়াই কোটি মানুষের রেশনের টাকা সরকারিভাবে লুঠ করা হয়েছে।
যদিও তৃণমূল এই ইডির হানা নিয়ে পালটা সওয়াল করেছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, পুজোর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল মন্ত্রীদের বাড়ি। এইসব কিছুই চক্রান্ত। রাজ্যের বকেয়ার দাবিতে আন্দোলন চলছে। সেজন্যই এই এজেন্সির অভিযান চলছে।
বিজেপি সরকারের হয়ে ইডি, সিবিআই কাজ করছে৷ আরও একবার সেই অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব।












Click it and Unblock the Notifications