চুরি করতে এসে এ কী বিপত্তি! চোরকে উদ্ধার করল পুলিশ ও স্থানীয়রা?
চোরের পিছনে ধাওয়া করেছিল সাধারণ মানুষজন। পরে সেই চোরকে উদ্ধারের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে বাসিন্দারা। যাকে ধরে হয়তো জামাই আদর করার কথা, তাকেই উদ্ধারের জন্য এল পুলিশ! কী ভাবছেন? এমন আবার হয় না কি? আরে এমনই হয়েছে।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকা। ওই চোরকে উদ্ধারের জন্য কয়েক ঘণ্টা একদম হিমশিম খাওয়ার জোগাড়। ঠিক কী হয়েছে, সেই কথাই বলা যাক এবার। চুরি করতে এসে বিপত্তি। চুরি তো করা হলই না। বরং তাড়া খেয়ে পালাতে গিয়ে বড়সড় এক গর্তে পড়ে সেঁধিয়ে গেল এক চোর।

বুধবার সকালে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার নিয়েই এরপর যত কাণ্ড। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের রামনগর দু'নম্বর কোলিয়ারি এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ওই কোলিয়ারি বন্ধ হয়ে আছে। চারদিকে গাছপালা, আগাছার ঘন জঙ্গলও হয়ে গিয়েছে। রামনগর দু'নম্বর কোলিয়ারিতে কেবল চুরির ঘটনা ঘটছিল কয়েকদিন ধরে।
মঙ্গলবার এই নিয়ে পাণ্ডবেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। রামনগর দু'নম্বর কোলিয়ারির স্থানীয় বাসিন্দারা এলাকায় তক্কে তক্কে ছিল। এদিন সকালেও কেবল চুরির জন্য দুজন সেখানে ঢুকেছিল বলে খবর। তাদের দেখে তাড়া করে স্থানীয়রা। চুরি আর করা হয়নি। পড়িমরি করে ছুট লাগায় দুই চোর।
এদিকে নাছোড় বাসিন্দারাও জোরে ধাওয়া করেছে। পগারপাড় হওয়ার চেষ্টায় আরও জোরে দৌড়ায় ওই দুজন। ব্যাস তখনই ঘটে বিপত্তি। একজন পালিয়ে গেলেও অন্যজন পারেনি৷ বন্ধ কোলিয়ারির এক জায়গায় লাফ দেয় অন্যজন।
ওই জায়গায় ছিল এক বড়সড় গর্ত। সেই গর্তে পড়েই সোজা ভিতরে আটকে যায় সে। শরীরে চোটআঘাতও লেগেছে। নীচ থেকে উপরে উঠে বাইরে বেরনোও তখন তার পক্ষে অসম্ভব। এবার এলাকার বাসিন্দারাই উদ্ধারকর্তা হয়ে এগিয়ে আসে। আটকে পড়া ওই ব্যক্তিকে বাইরে আনার চেষ্টা করা হয়।
কিন্তু কোনওভাবেই তাকে বাসিন্দারা উদ্ধার করতে পারেনি৷ অন্যদিকে ব্যথায় তখন গর্তে আটকে কাতরাচ্ছে ওই ব্যক্তি। অগত্যা খবর দেওয়া হয় পুলিশে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীরা মিলে ওই ব্যক্তিকে উদ্ধারে হাত লাগায়।
ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বাইরে আনা হয়। তার শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়। এত কিছুর পরে আর ওই ব্যক্তিকে পাকড়াও করা হল কী না, সেই বিষয়ে এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।












Click it and Unblock the Notifications