দোষ কি তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের? ইডেনে খেলা হলে জিতত ভারত? কী বললেন ফিরহাদ হাকিম!
যত দোষ কি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের? ভারত অস্ট্রেলিয়ার কাছে ক্রিকেটের ফাইনাল ম্যাচ হেরেছে। ভারতীয় বোলিং - ব্যাটিং কোনওক্ষেত্রেই প্রত্যাশা মতো হয়নি। ম্যাচ হারার পর একাধিক তর্কবিতর্ক উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পিচকে দুষেছেন।
অত্যন্ত প্রত্যাশা নিয়ে ফাইনাল খেলা দেখতে বসেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ভারত হেরে যাওয়ার তিনি নিজেও হতাশ। তবে হারের কারণ হিসেবে তিনি মাঠের পিচকে দুষেছেন। শুধু তাই নয়, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকেও কাঠগড়ায় তুলেছেন।

তাহলে কি ওই স্টেডিয়ামে ফাইনাল খেলা হল বলেই ভারত হারল? বোলিং সহায়ক স্লো উইকেট ছিল ফাইনাল ম্যাচের। সেখানে ভারত একের পর এক উইকেট হারিয়েছে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে পারেননি।
মন্ত্রী ফিরহাদ হাকিম এই খেলা দেখে হতবাক। খেলা শেষে এক সংবাদ মাধ্যমে তিনি হতাশাই প্রকাশ করেছেন। এত নামী ভালো বোলাররা আছে দলে। মহম্মদ শামি, জশপ্রিত বুমরাহর মতো বোলার খেলেছেন। আগের খেলাগুলোয় অত উইকেট নিয়েছেন। তাঁরা কেউ এবার ফাইনাল ম্যাচে উইকেট পেলেন না? ফিরহাদ বলেন, "শামির মতো বোলার, বুমরার মতো বোলার উইকেটে কোনও সাপোর্ট পেল না!"
এরপরের কথাতেই শুরু হয়েছে চাপানউতোড়। মন্ত্রীর মতে, ইডেনে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলে ভারত খেলায় জিতত। ফিরহাদ হাকিমের কথায়, " সব থেকে বড় ভুল হয়েছে, আমার মনে হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা হয়ে। এই খেলাটা যদি ইডেনে হত, তাহলে অন্তত পিচের সাপোর্টটা বোলাররা পেত। কী পিচ হয়েছে এটা? "
তাহলে কি বিতর্ক শুরু হয়ে গেল? ভারত ফাইনাল হারল। দোষ পড়ল স্টেডিয়ামের উপর? যদিও এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে তেমন কোনও মন্তব্য আসেনি এই খবর লেখা পর্যন্ত। বিরাট কোহলি, রোহিত শর্মারা বিশ্বকাপ হাতে তুলতে পারলেন না। ব্যর্থ হল টিম ইন্ডিয়া।
গোটা দেশ রবিবার মুখর হয়েছিল। কিন্তু খেলার ফলাফল মনোবল ভেঙে দেয়। হতাশায় ডুবে যায় দেশ। ব্যাটে সাফল্য আসেনি ভারতের। ক্ষুরধার বোলিংও ফাইনাল ম্যাচে কোনও ছাপ ফেলতে পারেনি। কার্যত দুরমুশ করেছে অস্ট্রেলিয়া। কেন শামিরা বলে সফল হলেন না? কোথায় গেল ভারতের আগুন ঝরানো খেলা? সেইসব প্রশ্ন উঠেছে। পাশাপাশি, টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে একটা বড় পক্ষও।












Click it and Unblock the Notifications