'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?
পশ্চিমবঙ্গ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে আসার পর কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ যে, বৈঠকের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার না করতে বলেন, যা নিয়ে তিনি প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসে চন্দ্রিমা বলেন যে, "আমি একজন মহিলা, আমাকে বলছেন 'ডোন্ট শাউট'! মহিলাদের প্রতি আসলে ওঁদের কোনও শ্রদ্ধা নেই।" তাঁর দাবি যে, ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় অনেক মহিলার নাম কেটে দেওয়া হচ্ছে, অথচ তার যথাযথ কোনও ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।
চন্দ্রিমার বক্তব্য অনুসারে, কোনও ভোটারের নাম যদি তালিকায় না থাকে তাহলে তার দায় কমিশনেরই। তিনি প্রশ্ন তোলেন যে, যদি কারও নাম বাদ পড়ে যায়, তবে সেটি প্রমাণ করার দায়িত্ব কী সাধারণ মানুষের? তাঁর কথায়, "আমার নাম যদি না থাকে তাহলে সেই বিষয়টা প্রমাণ করার দায়িত্ব তো আপনাদের। আমাকে কেন লাইনে দাঁড়াতে হবে?"
তৃণমূল নেত্রীর অভিযোগ, বৈঠকে তিনি তাঁর বক্তব্য রাখার সময় তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি এই বিষয়টিকে শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয়, মহিলাদের প্রতি অসম্মান হিসেবেও দেখছেন। তাঁর মতে, একজন মহিলা নেত্রীকে এরকম ভাবে 'ডোন্ট শাউট' বলা ঠিক নয় এবং এটি শোভন আচরণ নয়।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে আজ কলকাতায় বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই কমিশনের সাথে আলোচনা সেরেছে বিজেপি এবং সিপিএম। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অভিযোগ এবং দাবি কমিশনের সামনে তুলে ধরছে।
এর আগেও বিরোধী দলগুলি কমিশনের কাছে বিভিন্ন দাবি এবং অভিযোগ জানিয়েছে। আর সেই আবহেই তৃণমূলের প্রতিনিধিদলের বৈঠক ঘিরে নতুন করে আবার বিতর্ক তৈরি হল। বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্যের এরকম একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications