CV Anand Bose: জয়নগরের ঘটনা নিয়ে কী বললেন রাজ্যপাল? কী ব্যবস্থা নেবে রাজভবন?
আইন আইনের মতো চলবে। রাজভবন তার কর্তব্য পালন করবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আরো একবার এই কথা বললেন। আজ বুধবার ভাই দ্বিতীয়ার অনুষ্ঠান চলছে দেশজুড়ে। এই রাজ্যের রাজভবনেও ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোটা নিয়েছেন রাজ্যপাল।
এরপর একাধিক প্রসঙ্গ উঠে আসে। জয়নগরের খুন ও হিংসা উঠে এসেছে তাঁর কথায়। এছাড়াও ক্রিকেট বিশ্বকাপের ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন তিনি। এদিন অত্যন্ত খোশমেজাজে তাঁকে দেখতে পাওয়া যায়। বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা রাজভবনে রাজ্যপালকে ফোঁটা দিতে এসেছিলেন। একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল নেতা খুন হয়েছেন। ফিরে এসেছে বীরভূম জেলার বগটুই স্মৃতি। জয়নগরে গ্রামের বহু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘরছাড়া রয়েছেন বেশ কিছু পরিবার। এলাকা এখনও থমথমে। চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায়। জয়নগরের ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং রাজ্যপাল। তিনি বলেন, "আইন আইনের পথে চলবে। রাজভবন তার কর্তব্য পালন করবে।"
ভয়াবহ হিংসার ছবি দেখতে পাওয়া গিয়েছে জয়নগরে। এলাকায় রাজনৈতিক হিংসা নিয়ে আতঙ্ক মানুষের মধ্যে। রাজ্যপালের বক্তব্য, "হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধু আইনি ব্যবস্থা নয়। সামাজিক পদক্ষেপ নিতে হবে। হিংসা বন্ধ করতে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
একাধিক ঘরবাড়ি লুঠ করা হয়েছে। বহু পরিবার কার্যত নিঃস্ব। এই বিষয়ে রাজ্যপালের মন্তব্য, "ঘর পুড়িয়ে দেওয়া, লুঠ করা, এগুলো এই খুন ও তার হিংসার অংশ। এতেও কড়া পদক্ষেপ নিতে হবে এবং সেটা করা হবে।" যারা গৃহহীন হলেন, তাদের কী হবে? সে বিষয়ে সিভি আনন্দ বোস বলেন, "এটা আইন ও প্রশাসনের বিষয়। এটাও দেখা হবে।"
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, "উনি আমার সাংবিধানিক সহকর্মী। আমাদের মধ্যে যা কথাবার্তা হবে, তা গোপনীয় থাকে। প্রয়োজনে তা প্রকাশ্যে আনা হবে।" রাজভবনের একটি লেকের নাম বিরসা ১ নামকরণ করা হবে। শিক্ষা শিল্প বিভিন্ন বিষয়ে আদিবাসী ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া হবে। রাজ্যপালের তরফ থেকে ২০ হাজার টাকা নগদ আর্থিক সাহায্য দেওয়া হবে। বিরসা মুন্ডা স্কলারশিপ এর নাম।
বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়েও যথেষ্ট ইতিবাচক রাজ্যপাল। তিনি বলেন, "ম্যাচ ইস ম্যাচ। প্রার্থনা করব ইন্ডিয়া জিতবে।"












Click it and Unblock the Notifications