West Bengal Weather Update: গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে একাধিক জেলায়; জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: এপ্রিলের শুরুতেই গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। আগামী ৮ এপ্রিল অর্থাৎ পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আপাতত তাপমাত্রায় বড়সড় কোনও হেরফেরেরও সম্ভাবনা নেই। তাপপ্রবাহেরও কোনও সতর্কতা জারি করা হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমানের কোথাও কোথাও হতে পারে বৃষ্টি। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও দেখা দিতে পারে। সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে তাপমাত্রা খুব বেশি উপরে উঠতে পারবে না।

মোটের উপর আবহাওয়া মনোরম থাকতে পারে বলেই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলা তো বটেই, শহর কলকাতাতেও তেমন তীব্র গরম চলতি সপ্তাহে থাকবে না। গরমের হাঁসফাঁস থেকে মুক্তি পাবেন শহরবাসীও। তবে আগামী সপ্তাহে সামান্য বৃষ্টি পেতে পারে কলকাতাও। আগামী মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশাল বদল হবে না। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আগামী সোমবার থেকে তা আরও কমে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস।
এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির কোনও কোনও অংশে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী সপ্তাহে ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications