West Bengal Weather Update: চলবে ঝড়বৃষ্টি, কলকাতা-সহ জেলায় জেলায় বাড়বে দুর্যোগ! আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট
West Bengal Weather Update: পূর্বাভাস ছিলই। সেই মতো বিকেলেই নেমে এল দুর্যোগ। টানা সন্ধে গড়িয়ে রাতেও ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ঝেঁপে মুষলধারে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় দেখা গেল বৃহস্পতিবার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দু-এক জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে।
তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বৃষ্টির পরিমাণ ও প্রভাব কিছুটা কম থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ফের ঝড়ের সম্ভাবনা ও বৃষ্টি বাড়বে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইবে।

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে পরবর্তী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে ঝড়বৃষ্টির জেরে একলাফে অনেকটা কমে গিয়েছে তাপমাত্রা। মে মাসের শুরুতেই এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি পর্যন্ত কমে গেল সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি গরমজনিত অস্বস্তি বা তাপপ্রবাহের কোনওটাই থাকবে না আপাতত।
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে সাগর থেকে জলীয় বাষ্প হু হু করে ঢুকছে। তার ফল হিসেবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications