জাঁকিয়ে শীতের অধ্যায় শেষ! সরস্বতী পুজোয় ঠান্ডা কমার ইঙ্গিত, বাড়বে তাপমাত্রা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
শীতপ্রেমীদের জন্য থাকে খারাপ খবর। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী দু'দিনের মধ্যে পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে, এই সামান্য বৃদ্ধি হলেও কনকনে ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে যাবে।

এই বছর ২৩ জানুয়ারির দিন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিনেই পড়েছে সরস্বতী পুজো। অনেকেই আবার ওই দিনের আবহাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, পুজোর সময় ঠান্ডার আমেজ বিশেষভাবে থাকবে না। আগামীকালের পর থেকে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ, এই বছর সরস্বতী পুজোয় শীত উপভোগের সুযোগ খুবিই কম।
আবহাওয়াবিদদের মতে, পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তুরে হাওয়া দুর্বল হচ্ছে। যার ফলে শীত বিদায়ের পথে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিনে দিনে গরম বাড়বে। তবে পুরোপুরিভাবে শীত বিদায় নিতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
অন্যদিকে আবার, উত্তরবঙ্গে এখনও ভালোই ঠান্ডা রয়েছে। দার্জিলিং এবং পাহাড়ি এলাকায় শীতের দাপট থাকলেও ডুয়ার্স এবং সমতলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
শীত কমলেও ভোর এবং সকালে কুয়াশার দাপট থাকবে। তাই রাস্তায় বেরোলেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications