West Bengal Weather Update: ঝমঝমিয়ে বৃষ্টি নামবে একাধিক জেলায়, ফেব্রুয়ারি শেষে বড়সড় আপডেট আবহাওয়া দফতরের
West Bengal Weather Update: মার্চের শুরুতেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গজুড়ে। উত্তরবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorms) পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাসই নেই। বরং শীত উধাও হয়ে গিয়ে এবার গরমের (Summer) খেল দেখানোর পালা। ফাল্গুনের দ্বিতীয়ার্ধেই চড়চড়িয়ে ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে গরম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বৃষ্টিতে (Rain Forecast) ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে ওই দুটি জেলায়।

শনিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়। হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মাঝে ২ ও ৩ মার্চ, অর্থাৎ রবিবার ও সোমবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে এরপর ফের মঙ্গল ও বুধবার যথাক্রমে ৪ ও ৫ মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। সপ্তাহান্তে তুষারপাতও হতে পারে দার্জিলিংয়ে। মূলত রাজস্থানের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও ২ মার্চের নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে কার্যত উল্টো চিত্র। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। শীত উধাও হয়ে ঊর্ধ্বমুখী পারদ। মার্চের শুরুতেই তাই বাড়তে চলেছে গরম। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই। তবে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে।
শুক্রবার কলকাতা ও গাঙ্গেয় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শনিবার তা বেড়ে দাঁড়াতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে অরুণাচল প্রদেশ-সহ অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়াও। এদিকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরপ্রদেশ ও রাজস্থানেও। ভারী বৃষ্টি হতে পারে পঞ্জাবে।












Click it and Unblock the Notifications