West Bengal Weather Update: ঝেঁপে বৃষ্টি হবে এই জেলাগুলিতে, দাবদাহ থেকে স্বস্তি? সবিস্তারে জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: চলতি সপ্তাহের গোটাটাই ঝড় বৃষ্টির পূর্বাভাস (Thunderstorms) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শিলাবৃষ্টিও (Hailstorm) হতে পারে। সঙ্গে দোসর হবে দমকা হাওয়া। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও (North Bengal Weather)। সামান্য কমতে পারে তাপমাত্রা। আসুন জেনে নেওয়া যাক, বিস্তারিত পূর্বাভাস।
সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বুধবার উপকূলের দুই জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের সব জেলাতেই হবে বৃষ্টি।
মঙ্গলবার কলকাতা (Kolkata Weather) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার সামান্য কমলেও মোটের উপর হেরফের হবে না তাপমাত্রায়। তবে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। উত্তরবঙ্গেও বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা।
আপাতত কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে অসহ্য গরম নেই। পশ্চিমের জেলাগুলিতেও তাপপ্রবাহের প্রকোপ নেই। মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাই মঙ্গলবার রাত থেকেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের উপস্থিতিতে গরমজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের।












Click it and Unblock the Notifications