West Bengal Weather Update: আর কয়েক ঘণ্টা, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা; দোসর ঝোড়ো হাওয়া
West Bengal Weather Update: শীত এখন অতীত। ফেব্রুয়ারি শেষের বসন্তে ভালোই গরম অনুভূত হচ্ছে। শীতের বিদায়ের সঙ্গে দুর্যোগের ঘনঘটা বাংলায়। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার ঝেঁপে আসছে বৃষ্টি (Rain Alert)। ভিজবে রাজ্যের একাধিক জেলা। সঙ্গে বইবে ঝোড়ো দমকা হাওয়া। বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে। কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? রইল বিস্তারিত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বায়ুমণ্ডলের নিচু স্তরের তুলনায় উঁচু স্তরের তাপমাত্রা অনেক কম হওয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হবে ও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। যার ফলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।

শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো বাতাসও বইবে। বুধবারের মতোই বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে সকাল ৯টার আশেপাশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায়। শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে।
অন্যদিকে, বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রবিবারও।
এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। দার্জিলিং ও মালদহের বেশকিছু স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications