West Bengal Weather Update: নববর্ষে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে ভিজবে কোন কোন জেলা? জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: এপ্রিলের মাঝামাঝি হতে চললেও প্রকট দাবদাহের হাত থেকে আপাতত স্বস্তি মিলেছে। ঝড়বৃষ্টির ফলে কিছুটা কম হয়েছে তাপমাত্রা। মোটের উপর মনোরম আবহাওয়াই রয়েছে রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনও রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
রবিবার ঝড়বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রাও।

চলতি সপ্তাহের গোটাটাই কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। পয়লা বৈশাখেও বৃষ্টির সম্ভাবনা মহানগরে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে এদিন।
সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সোমবারের পরেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। ফলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে একা দক্ষিণবঙ্গ নয়, ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। রবিবার উত্তরের প্রত্যেকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস।
রবিবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইবে। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমির আশেপাশে। কিছু এলাকায় বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৬০ কিমিও।












Click it and Unblock the Notifications