West Bengal Weather Update: কালবৈশাখীর দাপট, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির পূর্বাভাস; কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: রবিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতাও। স্রেফ বৃষ্টি নয়, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলে পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের ট্রপোস্ফিয়ার স্তরে অনুকূল বায়ু প্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবাহের কারণেই রাজ্যের বেশকিছু জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার কার্যত মেঘলা আকাশই ছিল। বিকেল হতেই আকাশ কালো করে দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। সঙ্গে মৃদু মন্দ হাওয়াও বইতে দেখা গিয়েছে।

শুক্রবারও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও হাওড়ার এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ দেখা যাবে। হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধে ৬টা নাগাদ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শনিবার ভোর থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওইসব জেলাগুলিতে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানের এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হবে। বজ্রপাত-সহ বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গাতেও।
শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার মালদহ, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টি ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা রয়েছে সেখানে। অন্যান্য জেলাগুলিতে এক দুই জায়গায় বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে শুক্রবারও মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা। উপকূলে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
তবে কালবৈশাখীর জেরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এদিকে শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে আইপিএলের উদ্বোধন। আবহাওয়ার পরিস্থিতির জেরে তা ব্যাহত হওয়ার আশঙ্কা। আইপিএলের উদ্বোধনী সন্ধেয় ঝড়বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications