West Bengal Weather Update: টানা চারদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যাবে ইডেনের IPL ম্যাচ? রইল আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: ভরা বসন্তেই দহন জ্বালা। মার্চেই বেশকিছু এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রা। তবে তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে আগামী চারদিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার টানা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে একলাফে অনেকটাই কমে যেতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিও হতে পারে বেশকিছু অঞ্চলে। কালবৈশাখী ঝড় হতে পারে। যার ফলে গরম অনেকটাই কমে যাবে। বৃহস্পতি থেকে শনি কলকাতা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতাও।

বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা চারদিন বৃষ্টির জেরে সেই তাপমাত্রায় বেশ খানিকটা পতন হবে। হাওয়া অফিস বলছে, ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস।
এদিকে পারদ নামায় স্বস্তি হলেও খেলা প্রেমীদের জন্য মোটেই স্বস্তি দিচ্ছে না আবহাওয়ার পূর্বাভাস। কারণ শনিবার ২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়েছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শনিতেও কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার এই পূর্বাভাসের জেরে ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দানা বেঁধেছে।
বৃহস্পতিবার থেকে কালবৈশাখীর প্রকোপ দেখবে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দোসর হবে দমকা হাওয়া। ঝড়বৃষ্টির সঙ্গে বইতে পরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।












Click it and Unblock the Notifications