West Bengal Weather Update: দক্ষিণবঙ্গ গরমে হাঁসফাঁস, পশ্চিমাঞ্চলে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি! রইল আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: বৃহস্পতির পর শুক্রবার আরও বাড়বে গরম। রাজ্যজুড়েই বাড়বে গ্রীষ্মের দাপট। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। তবে প্রবল গরমে পুড়বে পশ্চিমের জেলাগুলি। শুক্রবার সেখানে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা। বেলার দিকে বইতে পারে লু।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে এখনই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ঘরে। ফলে দুপুরের দিকে তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে। আগামী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছিল, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করে যেতে পারে। সেই মতো শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহ তো বটেই, আপাতত পরের গোটা সপ্তাহেও তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই।
এদিকে দক্ষিণবঙ্গ যখন প্রবল গরমে নাজেহাল হবে, তখন উত্তরবঙ্গে স্বস্তির খবর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকলেও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার ও শনিবারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্বত্যময় তিন জেলাতে শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।
উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। শুক্রবার শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রার আর ব্যাপক বদলের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications